Prepare | নতুন বছরের আগেই ধাক্কা! ২৬ ডিসেম্বর থেকে বাড়ছে ট্রেনের ভাড়া

Prepare | নতুন বছরের আগেই ধাক্কা! ২৬ ডিসেম্বর থেকে বাড়ছে ট্রেনের ভাড়া

খেলাধুলা/SPORTS
Spread the love


নয়াদিল্লি ও কোচবিহার: বড়দিন দোরগোড়ায়। এই আবহে ইংরেজি নতুন বছরের আগেই সাধারণ মানুষের পকেটে বড়সড়ো টান। ট্রেনের ভাড়া বাড়ছে। ২৬ ডিসেম্বর থেকে সংশোধিত ভাড়া কার্যকর হবে। মূলত দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে এই মূল্যবৃদ্ধি কার্যকর হবে। গত জুলাইয়ে ভাড়া বাড়ানোর পর এক বছরে এটি রেলের দ্বিতীয়বার ভাড়া বৃদ্ধি, যা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয়েছে। তবে লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের জন্য রেল কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা বলেন, ‘ট্রেনে (Prepare) যাত্রীসুরক্ষার মানোন্নয়নের পাশাপাশি পরিষেবা অব্যাহত রাখতে ২৬ ডিসেম্বর থেকে কিছু ক্ষেত্রে ট্রেনে যাত্রীভাড়া খুব সামান্য বাড়ানো হচ্ছে।’ অন্যদিকে, উত্তর–পূর্ব সীমান্ত রেলের জোনাল রেলওয়ে কনসালটেটিভ কমিটির অন্যতম সদস্য তথা কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ ঘোষের বক্তব্য, ‘ভাড়া না বাড়িয়ে রেল যদি যাত্রী পরিষেবা বৃদ্ধির দিকে নজর দিত তবে কাজের কাজটি হত।’

রেলের নতুন ভাড়ার কাঠামো অনুযায়ী, দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনের নন-এসি এবং এসি, উভয় শ্রেণির সংরক্ষিত টিকিটের দাম বাড়ছে। কিলোমিটারপিছু এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। অসংরক্ষিত (জেনারেল) কামরায় ২১৫ কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রে ভাড়ায় কোনও বদল আনা হয়নি। তবে ২১৫ কিলোমিটারের বেশি পথ গেলে জেনারেল ক্লাসে প্রতি কিলোমিটারে ১ পয়সা করে অতিরিক্ত ভাড়া গুনতে হবে। অন্যদিকে, মেল বা এক্সপ্রেস ট্রেনের নন-এসি কামরা এবং শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কামরার ক্ষেত্রে কিলোমিটার প্রতি ২ পয়সা করে বাড়তি মাশুল গুনতে হবে। কোনও যাত্রী যদি নন-এসি কামরায় ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করেন, তবে তাঁকে আগের তুলনায় টিকিট পিছু অতিরিক্ত ১০ টাকা ব্যয় করতে হবে।

রেলের এই সিদ্ধান্তে লোকাল ট্রেনের যাত্রীদের অবশ্য বিশেষ উদ্বেগের কারণ নেই। রেল জানিয়েছে, শহরতলির লোকাল ট্রেনের ভাড়া এবং মান্থলি বা সিজন টিকিটের দামে কোনও পরিবর্তন করা হচ্ছে না। মূলত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত নিত্যযাত্রীদের কথা মাথায় রেখেই লোকাল ট্রেনের ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে। তবে এক্সপ্রেস ট্রেনের অসংরক্ষিত কামরায় দূরপাল্লায় যাতায়াতকারীদের পকেটে টান পড়বে।

কেন এই বারবার ভাড়া বৃদ্ধি? রেলমন্ত্রকের দাবি, গত এক দশকে রেলের নেটওয়ার্ক অনেক বিস্তৃত হয়েছে এবং যাত্রী পরিষেবার মান ও সুরক্ষা খাতে বিপুল বিনিয়োগ করা হয়েছে। বর্তমানে রেলের বেতন খাতে খরচ ১.১৫ লক্ষ কোটি টাকা এবং পেনশন বাবদ ব্যয় ৬০ হাজার কোটি টাকায় পৌঁছেছে। ২০২৪-’২৫ অর্থবর্ষে রেলের মোট পরিচালন ব্যয় বেড়ে প্রায় ২.৬৩ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। ক্রমবর্ধমান এই ব্যয়ভার সামাল দিতেই এই ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এর ফলে চলতি বছর রেলের আয় প্রায় ৬০০ কোটি টাকা বাড়বে বলে অনুমান করা হচ্ছে।

এদিকে, কোচবিহার-দিনহাটা রেলযাত্রী মঞ্চের আহ্বায়ক তথা জিয়াগঞ্জের শ্রীপৎ সি কলেজের রসায়নের বিভাগীয় প্রধান রাজা ঘোষের দাবি, ‘ভাড়া খুবই সামান্য বাড়ানো হয়েছে। এটা ঠিকই আছে। তবে রেলকে যাত্রী পরিষেবার মান বৃদ্ধির দিকেও নজর দিতে হবে।’ কোচবিহারের হরিণচওড়া এলাকার বাসিন্দা শিক্ষক সমীর পাল, নাজিরহাটের বাসিন্দা শিক্ষক বিদ্যুৎ সরকার, কোচবিহার শহরের ব্যবসায়ী দেবব্রত বণিক সহ আরও অনেকেরই একই দাবি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *