উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্বর্ণ ব্যবসায়ী খুনে আদালতে বড় স্বস্তি পেলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। এদিন বারাসত আদালত থেকে এই মামলায় আগাম জামিন দেওয়া হয় প্রধান অভিযুক্ত প্রশান্ত বর্মন। গত ২৯ অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি এলাকা থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামল্যার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। স্বপনের সল্টলেকের কাছে দত্তাবাদে তাঁর গয়নার দোকান রয়েছে। স্বপনের পরিবারের অভিযোগ, স্বপন চুরির গয়না কিনেছেন এই অভিযোগে স্বপন ও তার বাড়ির মালিক গোবিন্দ বাগকে নিজের নীলবাতি লাগানো গাড়িতে করে তুলে নিয়ে যান বিডিও প্রশান্ত বর্মন। এরপর গোবিন্দ বাগকে ছেড়ে দেওয়া হলেও স্বপন আর ফেরেন নি। পরে স্বপনের দেহ উদ্ধার হয়। এরপরই বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়।
পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করতেই গ্রেপ্তার হন বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক রাজু ঢালি, ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাপা সহ কয়েকজন। যদিও বিডিওর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পুলিশ। এমনকি তাঁকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি। এর মাঝেই আগাম জামিনের আবেদন জানিয়ে বারাসত আদালতের দ্বারস্থ হন বিডিও প্রশান্ত বর্মন। বারাস আদালত শর্ত সাপেক্ষে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে।
