উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমের শুরুতেই ত্বকের নাজেহাল অবস্থা। তীব্র রোদে ট্যান, সানবার্ন থেকে শুরু করে ‘সান পয়জ়নিং’-এর মতো গুরুতর সমস্যা দেখা দিচ্ছে। অতিবেগনি রশ্মির প্রভাবে ত্বকে কালচে দাগ, লালচে র্যাশ, এমনকি চামড়া উঠে ক্ষত তৈরির আশঙ্কাও থাকছে। এই পরিস্থিতিতে ত্বকের জেল্লা ধরে রাখতে এবং রোদে পোড়া দাগ দূর করতে ঘরোয়া কিছু প্যাক অত্যন্ত কার্যকর হতে পারে।
১. টক দই ও বেসনের প্যাক: প্রাকৃতিক ব্লিচ হিসেবে টক দই দারুণ কাজ করে। ২ চামচ টক দইয়ের সঙ্গে ১ চামচ বেসন এবং সামান্য হলুদ মিশিয়ে মুখে ও রোদে পোড়া অংশে ২০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এটি ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করবে।
২. আলু ও লেবুর রস: ত্বকের কালচে দাগ দূর করতে আলুর রস ও লেবুর রস মিশিয়ে তুলো দিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। তবে ত্বক খুব সেনসিটিভ বা স্পর্শকাতর হলে লেবুর রস এড়িয়ে শুধু আলুর রস ব্যবহার করাই শ্রেয়।
৩. চন্দন ও হলুদের প্যাক: চন্দন গুঁড়ো ও হলুদ গুঁড়োর সঙ্গে মধু, টক দই এবং এক চামচ লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। ট্যান পড়া অংশে এটি লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন, তারপর ঠান্ডা জলে ধুয়ে নিন।
৪. কফির জাদুকরী প্যাক: ট্যান তুলতে কফি পাউডারের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস বা ঠান্ডা দুধ মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে নিয়ে ভালো ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এটি দ্রুত ত্বকের উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে।
সানবার্ন থেকে বাঁচতে জরুরি টিপস:
-
রোদ থেকে ফিরেই ঠান্ডা জলে স্নান করা জরুরি।
-
ত্বকের লালচে ভাব বা চুলকানি কমাতে আক্রান্ত স্থানে বরফ ঘষলে ফোস্কা পড়ার ভয় থাকে না।
-
ত্বকে ঘা হওয়ার মতো সমস্যা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন।
