দিনহাটা: ২০২৬ বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) নির্ঘণ্ট প্রকাশ হতেই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা (Political Violence Dinhata)। রবিবার রাতে রাজনৈতিক সংঘর্ষে রক্তাক্ত হলেন ভিলেজ-২ গ্রাম পঞ্চায়েতের ২৭৭ নম্বর বুথের তৃণমূল যুব সভাপতি সায়ন চক্রবর্তী। গুরুতর জখম অবস্থায় তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আহত সায়ন চক্রবর্তীর অভিযোগ, রবিবার রাতে পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়েছে। তিনি জানান, তৃণমূল করার অপরাধেই বিজেপি নেতা দীপেন চক্রবর্তী ও পরিমল বর্মন তাঁর ওপর চড়াও হন। সায়নের মা অঞ্জনা চক্রবর্তীর দাবি, বাড়ির সামনে কথা কাটাকাটির সময় আচমকাই ভোজালি বের করে সায়নের কোমরে আঘাত করা হয়। পাড়ার লোকজন ছুটে আসায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান তিনি, নয়তো তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল বলেও পরিবারের অভিযোগ।
ঘটনা প্রসঙ্গে তৃণমূলের দাবি, ভোটের মুখে সন্ত্রাস কায়েম করতেই বিজেপি এই হামলা চালিয়েছে। সায়নের মায়ের কথায়, তৃণমূল করার কারণে সায়নকে আগে থেকেই হুমকি দেওয়া হচ্ছিল।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। বিজেপির জেলা কমিটির সম্পাদক অজয় রায় জানান, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। নির্বাচনের আগে স্রেফ বাজার গরম করতেই তৃণমূল এই ধরনের মিথ্যা অভিযোগ তুলছে।
ইতিমধ্যেই এই ঘটনায় দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। তবে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই এই রক্তপাতের ঘটনা দিনহাটার রাজনৈতিক পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে।
