উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসআইআরের (SIR) খসড়া তালিকা প্রকাশের পর প্রথম রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। শনিবার নদিয়ার (Nadia) তাহেরপুরে জোড়া কর্মসূচি রয়েছে তাঁর। প্রশাসনিক সভার পাশাপাশি রাজনৈতিক জনসভা করবেন তিনি। ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। হেলিকপ্টারে তাহেরপুরে যাবেন তিনি। মতুয়াগড়ে গিয়ে মতুয়াদের উদ্দেশ্যে কী বার্তা দেন মোদি সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
এদিন ১১টা নাগাদ হেলিকপ্টারে করে নামবেন প্রধানমন্ত্রী। তারপর গাড়ি করে সভাস্থলে যাবেন বলে খবর প্রশাসন সূত্রে। সেখানে দু’টি আলাদা মঞ্চ রয়েছে। একটিতে তিনি প্রশাসনিক সভা করবেন। তাহেরপুরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে রয়েছে ৩ হাজার ২০০ কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস। এর পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ৬৮ কিলোমিটার অংশকে চার লেন করে তোলার কাজ শেষ হয়েছে। ১২ নাগাদ পাশের মঞ্চে করবেন পরিবর্তন সংকল্প সভা। এদিন সকাল থেকে সভামঞ্চে রয়েছে ভিড়। আসতে শুরু করেছেন কর্মী-সমর্থকরা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকা।
এসআইআর নিয়ে মতুয়াদের অনেকের মধ্যে সংশয়-আতঙ্ক রয়েছে। অধিকাংশেরই নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে মোদি মতুয়াদের উদ্দেশ্যে কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে সকলে।
