উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্রিগেডের জনসভা থেকে আগামী বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi’s Brigade rally)। শনিবাসরীয় বিকেলে জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলায় ‘জঙ্গলরাজ’ শেষ হওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। তৃণমূল সরকারকে ‘নির্মম’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর দাবি, কুর্সি বাঁচাতে সরকার সবরকম হাতিয়ার প্রয়োগ করলেও মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ দমানো যাবে না।
চোর ইস্যুতে পাল্টা আক্রমণ
কাল তৃণমূল আপনাদের সবাইকে চোর বলে গালি দিয়েছেন। আসল চোর কে তা বাংলার তামাম মানুষ জানেন।আগের দিন তৃণমূলের (TMC) পক্ষ থেকে করা মন্তব্যের পাল্টা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আসল চোর কে, তা বাংলার তামাম মানুষ জানেন। এখানকার সরকার মানুষকে দমানোর জন্য গাড়ি থামিয়েছে, সেতু বন্ধ করেছে। কিন্তু তোমরা কাউকে আটকে রাখতে পারোনি। বাংলার প্রতিটি কোণ থেকে এখন একটাই আওয়াজ উঠছে— চাই বিজেপি সরকার।” তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, শীঘ্রই আইনের শাসন শুরু হবে এবং যারা আইন ভাঙবে, তাদের খুঁজে খুঁজে বের করা হবে।
বাংলার নবনির্মাণ ও উন্নয়ন
বাংলার মানুষের আবেগ স্পর্শ করতে ভাষণের শুরুতে বাংলাতেই কথা বলেন মোদি। তিনি বলেন, “আমার প্রিয় বাংলাবাসী, অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম।” ব্রিগেডের উপচে পড়া ভিড় দেখে তিনি একে ‘অদ্ভুত দৃশ্য’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, রাজ্যে বিজেপি (BJP) ক্ষমতায় না থাকলেও কেন্দ্রীয় সরকার সবসময় উন্নয়নের পাশে রয়েছে। এদিনের মঞ্চ থেকেই তিনি বাংলার জন্য ১৮ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের ডালি সাজিয়ে দেন।
তৃণমূলকে চূড়ান্ত বার্তা
রাজনৈতিক মঞ্চে মোদির সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী এবং শমীক ভট্টাচার্য। প্রশাসনিক কাজ সেরে রাজনৈতিক মঞ্চে উঠে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন, আগামী নির্বাচনে বাংলার ‘নবনির্মাণ’ই হবে বিজেপির প্রধান লক্ষ্য। তাঁর মতে, বাংলার মানুষ আর ভয় পাবেন না এবং দুর্নীতির শাসন থেকে মুক্তি পেতে তৈরি হয়ে গিয়েছেন। সব মিলিয়ে ব্রিগেডের এই মেগা সমাবেশ থেকে কার্যত যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
