উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাজারে সহজেই পাওয়া যায় পুদিনা পাতা (Peppermint)। আবার অনেকের বাড়িতেও থাকে পুদিনা গাছ। এই সহজলভ্য পুদিনা পাতাই আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। পুদিনার শরবত যেমন আমাদের শরীর ঠান্ডা রাখে, তেমনি পুদিনার চা বাড়িয়ে তোলে হজমশক্তি। আর কী কী উপকারিতা রয়েছে পুদিনা পাতার, তা জেনে নিন।
হজমের গোলমালের সমস্যা মেটায়
হজমের সমস্যায় আজকাল কমবেশি সকলেই ভোগেন। এই সমস্যার সমাধানে ওষুধের বিকল্প হতে পারে পুদিনা পাতা। কারণ পুদিনায় রয়েছে মেনথল, যা হজমশক্তি বাড়ায়। শুধু তাই নয়, পেটের অন্যান্য সমস্যারও অবসান ঘটায় পুদিনা।
মাথাব্যথা কমায়
পুদিনা পাতার নির্যাস থেকে তৈরি মলম মাথাব্যথা কমাতে ব্যবহৃত হয়। মলম ব্যবহার করতে না চাইলে সরাসরি পুদিনা পাতার রস কপালে মাখলেও মাথাব্যথা কমে।
শরীর সতেজ রাখে
শরীরে জলের ঘাটতি তৈরি হতে দেয় না পুদিনা পাতা। তাই গরমে পুদিনা পাতা ভেজানো জল খেলে উপকার পাবেন। শরবতেও যোগ করতে পারেন।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
পুদিনা পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে আছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান, যা রোগের জীবাণুকে সহজে শরীরে মাথা তুলে দাঁড়াতে দেয় না।
শ্বাসকষ্টে আরাম
নিয়মিত পুদিনা পাতা খাওয়ার অভ্যাস করতে পারলে বুকে কফ জমতে পারে না। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মেনথল, যা ফুসফুসে আটকে যাওয়া মিউকাস দূর করে। ফলে শ্বাস নেওয়ার কষ্ট দূর হয়। তবে অতিরিক্ত খেলে আবার শ্বাসনালিতে অস্বস্তি দেখা দিতে পারে।
মুখের দুর্গন্ধ দূর করে
মুখের দুর্গন্ধ দূর করার কাজে পুদিনা পাতা একটি আদর্শ উপাদান। এর নির্যাস মুখের ভেতরের জীবাণু ধ্বংস করে, সুস্থ রাখে দাঁত ও মাড়ি।
ত্বকের যত্নে
ত্বক যত্নেও পুদিনার ভূমিকা আছে। এই পাতায় আছে অ্যান্টি–অক্সিডেন্ট, যা ত্বকের বেশ কিছু সমস্যার সমাধান করে।
