উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাকিস্তান ক্রিকেটে নাটকীয় মোড়। বিশ্বকাপে ব্যর্থতার জেরে এবার ক্রিকেটারদের আর্থিক জরিমানার মুখে ফেলল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB fines Pakistan gamers)। সোমবার পাক সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস ট্রিবিউন’ মারফত জানা গিয়েছে, বিশ্বকাপের দলে থাকা প্রতিটি ক্রিকেটারকে ৫০ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। বোর্ডের এই নজিরবিহীন সিদ্ধান্তে সরব হয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi)।
পাক বোর্ডের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে শাহিদ আফ্রিদি একে ‘নিকৃষ্ট মানসিকতা’ বলে বর্ণনা করেছেন। একটি পাক সংবাদমাধ্যমে তিনি বলেন, “এই সিদ্ধান্তের মাথামুণ্ডু কিছুই বুঝতে পারছি না। ৫০ লক্ষ টাকা জরিমানা কোনো শাস্তি হতে পারে না।” আফ্রিদির মতে, টাকার বদলে ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তিনি পরামর্শ দিয়েছেন, যারা জাতীয় দলের যোগ্য নয়, তাদের অন্তত দুই বছর ঘরোয়া ক্রিকেট খেলতে বাধ্য করা হোক।
রিপোর্ট অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি ভারতের কাছে হারের পরই এই জরিমানার কথা ভেবেছিল বোর্ড। তবে পাকিস্তান যদি সেমিফাইনালে উঠতে পারত, তবে হয়তো এই শাস্তি কার্যকর হতো না। কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড কঠোর হওয়ার সিদ্ধান্ত নেয়। সাধারণত বড় টুর্নামেন্টে সাফল্যের জন্য পুরস্কার দেওয়া হয়, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে ব্যর্থতার জন্য এবার পকেট থেকে টাকা গুণতে হচ্ছে বাবর-শাহিনদের।
শুধুমাত্র জরিমানাই নয়, পাকিস্তান ক্রিকেটে বড়সড় রদবদলের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। অধিনায়ক হিসেবে সলমনের পারফরম্যান্সে একেবারেই খুশি নয় বোর্ড। পাশাপাশি বাবর আজম, শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদির মতো সিনিয়র ক্রিকেটারদের টি-টোয়েন্টি দল থেকে পাকাপাকিভাবে বাদ দেওয়ার ভাবনাচিন্তা চলছে। আগামী দিনে পাক ক্রিকেট কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।
