পতিরাম: দোল উৎসবের মাঝেই রং বদল দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) পতিরামে (Patiram)! পতিরামের মাঝিয়ান এলাকায় বড়সড়ো ভাঙন ধরল বিজেপি শিবিরে। গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় প্রায় ২৫টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে (Patiram TMC Becoming a member of) যোগ দিয়েছে বলে দাবি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই দলবদলকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিন দোল উৎসব উপলক্ষ্যে মাঝিয়ান এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের (TMC) জেলা মহিলা সভানেত্রী স্নেহলতা হেমব্রম। তাঁর উপস্থিতিতেই বিজেপি ত্যাগী পরিবারগুলি তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন। তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ৫০০ টাকা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। সাধারণ মানুষের মতে, এই অতিরিক্ত অর্থ তাঁদের দৈনন্দিন জীবনযাত্রায় বিশেষ সহায়ক হবে। এই সরকারি প্রকল্পের সুফল এবং রাজ্যের সার্বিক উন্নয়নের প্রতি আস্থা রেখেই মাঝিয়ানের বাসিন্দারা ঘাসফুল শিবিরে শামিল হয়েছেন।
অন্যদিকে, এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্ব। তাঁদের পাল্টা দাবি, এটি শাসক দলের সাজানো একটি ‘নাটক’। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এবং মানুষের নজর ঘোরাতে ভুয়ো প্রচার চালানো হচ্ছে।
উল্লেখ্য, নির্বাচনের আগে মাঝিয়ানের মতো এলাকায় এই ভাঙন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। দোল উৎসবের দিনে এই যোগদান কর্মসূচি ঘিরে পতিরামজুড়ে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক চাপানউতোর।
