কোচবিহার: বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে বড়সড় রাজনৈতিক ধামাকা করতে চলেছে বিজেপি। দলীয় সূত্রে খবর, আগামী মার্চের প্রথম সপ্তাহেই কোচবিহারে পা রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মূলত উত্তরবঙ্গ থেকে দলের ‘পরিবর্তন যাত্রা’র ((Parivartan Yatra) সূচনা করাই হবে তাঁর এই সফরের মূল লক্ষ্য। ৫ অথবা ৬ মার্চ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে এই মেগা কর্মসূচির সূচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে কোচবিহার থেকে বিজেপির রথযাত্রা করার পরিকল্পনা থাকলেও আইনি জট ও আদালতের অনুমতি না মেলায় সেই কর্মসূচি বাতিল করতে হয়েছিল। সেবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে যাত্রা শুরুর কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। এবার সেই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতেই কোমর বেঁধে নামছে গেরুয়া শিবির। দলের অন্দরে প্রধানমন্ত্রীর নাম নিয়ে চর্চা তুঙ্গে থাকলেও, বিকল্প হিসেবে অমিত শাহ বা জেপি নাড্ডার উপস্থিতিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পরিকল্পনা অনুযায়ী, কোচবিহার দক্ষিণ থেকে শুরু হয়ে এই পরিবর্তন রথ যাবে দিনহাটা, সিতাই ও শীতলকুচি বিধানসভা কেন্দ্রে। সেখান থেকে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি হয়ে তা উত্তরবঙ্গের প্রতিটি কোণায় পৌঁছাবে। নির্বাচনের আগে এই রথযাত্রার মাধ্যমে নিচুতলার কর্মীদের চাঙ্গা করা এবং জনসমর্থন যাচাই করে নেওয়াই বিজেপির কৌশল।
বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে কোচবিহার জেলাজুড়ে সাজ সাজ রব পড়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর সফরের সবুজ সংকেত মিললে নিরাপত্তার খাতিরে দ্রুত প্রস্তুতি শুরু করবে প্রশাসনও।
