উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর ভাগ্য বদলাল না পাকিস্তানের। সুপার এইটের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে কার্যত বিদায়ের পথে পাকিস্তান (Pakistan vs England)। হ্যারি ব্রুকের বিধ্বংসী শতরান (Harry Brook Century) এবং লিয়াম ডসনের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। পাকিস্তানের ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.১ ওভারেই জয় ছিনিয়ে নেয় ইংলিশরা।
এ দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সলমন। তবে সাইম আয়ুব (৭) এবং সলমন (৫) দ্রুত সাজঘরে ফিরলে চাপে পড়ে যায় দল। ওপেনার সাহিবজাদা ফারহানের ৪৫ বলে ৬৩ রানের লড়াই এবং শেষে শাদাব খান ও ফখর জামানের ক্যামিও ইনিংসে ভর করে ১৬৪ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। বাবর আজম ফের একবার বড় ম্যাচে ব্যর্থ হয়ে ২৪ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন। ইংল্যান্ডের হয়ে লিয়াম ডসন ২৪ রানে ৩ উইকেট এবং জফ্রা আর্চার ২ উইকেট শিকার করেন।
জবাবে ১৬৫ রান তাড়া করতে নেমে শুরুতেই শাহিন আফ্রিদির তোপের মুখে পড়ে ইংল্যান্ড। শাহিন তাঁর প্রথম দুই ওভারেই ফিল সল্ট (০) এবং জস বাটলারকে (২) আউট করে গ্যালারিতে আশার আলো জ্বালিয়েছিলেন। কিন্তু এক প্রান্ত আগলে রেখে পাকিস্তানি বোলারদের শাসন করতে থাকেন অধিনায়ক হ্যারি ব্রুক। মাত্র ৫১ বলে ১০টি চার ও ৪টি ছক্কার সাহায্যে অনবদ্য ১০০ রানের ইনিংস খেলেন তিনি। ব্রুক আউট হওয়ার আগে ইংল্যান্ডের জয় নিশ্চিত করে যান। শাহিন ৩০ রানে ৪ উইকেট নিয়ে শেষ চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি। এই হারের পর পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য এখন অলৌকিক কোনো সমীকরণের ওপর নির্ভর করছে।
