Operation Sindoor | শুরু অপারেশন সিঁদুর, পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত

Operation Sindoor | শুরু অপারেশন সিঁদুর, পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : পহেলগাঁও হামলার বদলা হিসেবে পাক অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত। মঙ্গলবার গভীর রাতে ভারতীয় সেনা বাহিনীর তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করা হয়। যাতে লেখা ‘অপারেশন সিঁদুর’। ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে লেখা ‘পহেলগাঁও অ্যাটাক’। যা থেকে স্পষ্ট পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর বদলা হিসেবেই এই পদক্ষেপ করা হয়েছে। সেই সঙ্গে ভারতীয় সেনার তরফে লেখা হয়েছে, ‘জাস্টিস ইজ সার্ভড’। তারপরই লেখা ’জয় হিন্দ’। বুধবার দেশের ২৫৯টি জায়গায় যুদ্ধের মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা। তার মধ্যেই মঙ্গলবার গভীর রাতে হামলা চালাল ভারত।

অন্যদিকে, ভারতের হামলার নিন্দা করেছে পাকিস্তান। ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর ডিরেক্টর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলেছেন। তিনি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভারতের তরফে মুরিদকে, কোটলি, বাহওয়ালপুর এবং মুজফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। প্রসঙ্গত, মুরিদকেতেই রয়েছে জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার সদর দপ্তর। অন্যদিকে, পঞ্জাব প্রদেশের বাহওয়ালপুরে রয়েছে জইশ-ই-মহম্মদের ঘাঁটি।

শরিফ ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘পাকিস্তান ঠিক সময় মতো এর উচিত জবাব দেবে।’ ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর লাহোর ও শিয়ালকোট বিমানবন্দর আগামী ৪৮ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বলে পাক প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে।

এদিকে, ভারতের তরফে বলা হয়েছে, পাকিস্তানের কোনও সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়নি। লক্ষ্যবস্তু নির্বাচন, হামলা চালানোর ক্ষেত্রে সেনা যথেষ্ট সংযম প্রদর্শন করেছে। ক্ষেপণাস্ত্র হামলার পর কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ভারত মাতা কী জয়।’

পাক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, হামলায় ৩ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। ভারতীয় বিমান বাহিনীর দুটি রাফাল যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে পাক সেনা। যদিও ভারতের তরফে কিছু বলা হয়নি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ ঘটনার নিন্দা করে বলেছেন, ‘সারা দেশ সেনাবাহিনীর পাশে আছে। তারা জানে কীভাবে শত্রুর মোকাবিলা করতে হয়।’ দেশটির প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেছেন, ‘পাক অধিকৃত কাশ্মীরে হামলায় নারী ও শিশুর মৃত্যু হয়েছে। শুধু জঙ্গি ঘাঁটিতে হামলা চালানোর যে দাবি ভারতের তরফে করা হচ্ছে, তা মিথ্যা।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *