উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) (BRS) থেকে নিজের মেয়ে কে কবিতাকে (Ok Kavitha) বরখাস্ত (Suspended) করলেন দলের সুপ্রিমো তথা তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (Ok Chandrashekar Rao)। সূত্রের খবর, দলের বিরুদ্ধে করা মন্তব্যের জন্যই কে কবিতাকে মঙ্গলবার বরখাস্ত করা হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, দলের একটি বৈঠকে বিআরএস প্রধান কেসিআর এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি কবিতার সাম্প্রতিক মন্তব্য এবং কার্যকলাপ তুলে ধরে জানান, এসব দলের নীতি ও শৃঙ্খলার বিরুদ্ধে। আর সেই কারণেই কবিতাকে দল থেকে বরখাস্ত করা হচ্ছে বলে জানান তিনি।
কবিতার সঙ্গে বিআরএসের অভ্যন্তরীণ সমস্যা সম্পর্কে কানাঘুষো চলছিল বিগত কয়েক মাস ধরেই। চলতি বছরের মে মাসেও দলের একাংশের বিরুদ্ধে নালিশ জানিয়ে বাবা তথা বিআরএস প্রধান কেসিআরকে একটি চিঠি লিখেছিলেন কবিতা। কিন্তু সেই চিঠি প্রকাশ্যে চলে আসে। এর নেপথ্যেও ষড়যন্ত্র আছে বলে দাবি করেছিলেন তিনি। কবিতা অভিযোগ করেছিলেন যে, কেসিআর-এর ভুল বার্তা তাঁর কাছে পৌঁছে দিতেন দলের কেউ কেউ। তেলঙ্গানায় দলের শোচনীয় ফলের জন্যও দলের একাংশকেই দায়ী করেছিলেন তিনি।
এরপর গতকাল অর্থাৎ সোমবারও দলেরই নেতাদের বিরুদ্ধে মুখ খোলেন কে কবিতা। তিনি কেসিআরের ভাবমূর্তি নষ্ট করার জন্য দলের কিছু নেতাকে প্রকাশ্যে দোষারোপ করেন। তিনি প্রবীণ নেতা টি হরিশ রাও এবং প্রাক্তন সাংসদ মেঘা কৃষ্ণ রেড্ডির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। কবিতা অভিযোগ করেন যে, তাঁর বাবার উপর ‘দুর্নীতির তকমা’ লাগানোর চেষ্টা করছেন তাঁরা। পাশাপাশি হরিশ রাও এবং সন্তোষ কুমারের বিরুদ্ধে তাঁকে দলে কোণঠাসা করার ষড়যন্ত্রের অভিযোগও করেছিলেন। দলের ভেতরে চলতে থাকা এই সমস্যার মধ্যেই এবার কে কবিতাকে বরখাস্ত করার সিদ্ধান্ত সামনে এল।
