শুভজিৎ দত্ত, নাগরাকাটা: ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই)-এর নয়া কর্মসূচি ন্যাশনাল মিশন ফর মেন্টরিং (এনএমএম) (NMM)। সেই কর্মসূচিতে মেন্টরের দায়িত্ব পেলেন ২০২৪ সালের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপক শিক্ষক আশিসকুমার রায়। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকদের আধুনিক শিক্ষার ওপর প্রশিক্ষণ দেবেন তিনি। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপক অন্য শিক্ষকরাও এনএমএম কর্মসূচিতে মেন্টর হয়েছেন। শিলিগুড়ির শিবমন্দিরের নরসিংহ বিদ্যাপীঠের শিক্ষক আশিস বলেন, ‘ইতিমধ্যে আমাদের প্রশিক্ষণ হয়ে গিয়েছে। এবারে মেন্টররা অন্য শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছেন। ২০২০ সালের জাতীয় শিক্ষানীতিতে ছাত্রছাত্রীদের সমৃদ্ধ করতে শিক্ষকদের ভূমিকার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষাপটে এই এনএমএমের কর্মসূচি।’ এতে শিক্ষা সম্পর্কিত ২১টি ডোমেইনের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে বলে জানালেন।
উত্তরবঙ্গের অর্কিডের ওপর আশিসের আন্তর্জাতিক স্তরে সাতটি গবেষণাধর্মী পেপার রয়েছে। নগরায়ণ, রাস্তাঘাট তৈরি, উড়ালপুল নির্মাণ সহ নানা ধরনের উন্নয়নমূলক কাজের জন্য কেটে ফেলা কয়েক হাজার পরাশ্রয়ী অর্কিডকে তিনি অন্য কোনও সজীব গাছে প্রতিস্থাপিত করে প্রাণ ফিরিয়েছেন। এ কাজে তাঁর দোসর নিজের ছাত্রছাত্রীরাই।
