কিশনগঞ্জ: “২০০৫ সালের আগে কিশনগঞ্জ জেলা চরম অব্যবস্থার শিকার ছিল, কিন্তু আমাদের আমলে এখানে উন্নয়নের জোয়ার এসেছে।” বুধবার কিশনগঞ্জের ঠাকুরগঞ্জের কৃষি ফার্ম ময়দানে দাঁড়িয়ে এই ভাষাতেই লালু-রাবড়ি জমানাকে আক্রমণ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। এদিনের জনসভা থেকে তিনি জেলাবাসীর জন্য মোট ২৩৫ কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।
এদিন আরারিয়া থেকে হেলিকপ্টারে ঠাকুরগঞ্জে পৌঁছান মুখ্যমন্ত্রী। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগে কিশনগঞ্জ জেলা রাজ্যের রাজধানী পাটনা থেকে প্রায় বিচ্ছিন্ন ছিল। বিদ্যুৎ পরিষেবা ছিল বেহাল। কিন্তু বর্তমানে সেই চিত্র বদলেছে। মুখ্যমন্ত্রী জানান, ঠাকুরগঞ্জ বাইপাস নির্মাণ, রমজান নদীর সৌন্দর্যায়ন (বিউটিফিকেশন), কনকই নদীর ওপর সেতু নির্মাণ এবং কিষাণগঞ্জ-বাহাদুরগঞ্জ ফোর লেনের কাজ দ্রুতগতিতে চলছে।
এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ১৩৩ কোটি টাকা ব্যয়ে ৭৩টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন। পাশাপাশি, ১০২ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই বাস্তবায়িত হওয়া ৪৯টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। নীতীশ কুমারের দাবি, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় বিহারে এখন ‘উন্নয়নের বন্যা’ বইছে।
কয়েকদিন আগেই নীতীশ কুমারের রাজ্যসভা মনোনয়ন প্রত্যাহারকে কেন্দ্র করে তাঁর মুখ্যমন্ত্রী পদে থাকা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। ফলে ঠাকুরগঞ্জের এই অনুষ্ঠান হওয়া নিয়ে জেলা প্রশাসনের প্রস্তুতিতে সাময়িক স্থবিরতা দেখা দেয়। তবে সরকারের তরফে স্পষ্ট জানানো হয় যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করেননি এবং তাঁর পূর্বনির্ধারিত ‘সমৃদ্ধি যাত্রা’ বাতিল হচ্ছে না। এদিনের অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন দুই উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় কুমার সিনহা, শিল্পমন্ত্রী ডাঃ দিলীপ কুমার জয়সোয়াল এবং জেডিইউ বিধায়ক গোপাল আগরওয়াল। সভা ঘিরে গোটা এলাকা পুলিশ ও আধাসামরিক বাহিনীর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল।
