নিশিগঞ্জঃ গ্রামে অবৈধ নেশার ঠেক বন্ধের দাবিতে রবিবার সন্ধ্যায় পথে নামলেন মহিলারা। নিশিগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের সিটকিবাড়ি গ্রামে প্ল্যাকার্ড ও ঝাড়ু হাতে মিছিল করেন মহিলাদের একাংশ। অভিযোগ, পুলিশ ও আবগারি দপ্তরের উদাসীনতায় মুদির দোকান ও ফাস্টফুডের আড়ালে গজিয়ে উঠেছে একাধিক মদের ঠেক। গাঁজা মিশ্রিত সিগারেটও বিক্রি হচ্ছে এলাকায়, এমনকি পড়ুয়াদের হাতেও পৌঁছে যাচ্ছে নেশার সামগ্রী।
মহিলাদের অভিযোগ, পুলিশ মাতালদের ধরলেও ঠেক বন্ধ করতে কোনও কার্যকর পদক্ষেপ নেয় না। কালীপুজোর পর স্কুল খুলবে। তখন এই ঠেকের সামনের পথ দিয়েই পড়ুয়াদের স্কুল-কলেজ ও টিউশনে যেতে হয়। ছাত্রীদের নিরাপত্তা নিয়েও গ্রামবাসীরা উদ্বেগ প্রকাশ করেন। খবর পেয়ে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ রাতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই এলাকায় আগেও অভিযান হয়েছে এবং অবৈধ মদের ঠেকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলবে।
