শিলিগুড়ি: নবম আন্তর্জাতিক আদিবাসী সম্মেলনে (ninth Worldwide Santal Convention) যোগ দিতে বুধবার শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার গোসাইপুরে এলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Of India Droupadi Murmu)। দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতিকে উত্তরবঙ্গের মাটিতে স্বাগত জানাতে এদিন প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ছিল ব্যাপক তৎপরতা। এদিন সম্মেলনে যোগ দিয়ে রাষ্ট্রপতির উপস্থিতি অনুষ্ঠানকে এক অনন্য মাত্রা দান করে।
বাগডোগরার গোসাইপুরে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের আদিবাসী প্রতিনিধিরা অংশ নিয়েছেন। আদিবাসী জনজাতির কৃষ্টি, সংস্কৃতি ও অধিকার রক্ষা নিয়ে আলোচনার উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিন রাষ্ট্রপতির পাশে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে গোসাইপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে বাড়ানো হয়।
সাংসদ রাজু বিস্ট রাষ্ট্রপতির এই সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতি পাহাড় ও সমতলের আদিবাসী মানুষের কাছে এক বড় প্রাপ্তি। তাঁর এই সফর উত্তরবঙ্গের জনজাতি গোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে।
বিমানবন্দর থেকে গোসাইপুর যাওয়ার পথে রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ রাষ্ট্রপতিকে স্বাগত জানান। রাষ্ট্রপতির এই ঝটিকা সফর শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্ববহ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
