উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাঁচ বছরের জন্য জেল (Jail) হল ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির (Nicolas Sarkozy)। এই প্রথম কোনও ফরাসি প্রেসিডেন্টকে এমন শাস্তি পেতে হল।
২০০৭ সাল থেকে ২০১২ পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন সারকোজি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, নির্বাচনী প্রচারে লিবিয়ার প্রাক্তন স্বৈরশাসক মুয়াম্মার গদ্দাফির থেকে তিনি অর্থ নিয়েছিলেন।
তিনি তাঁর এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছেন। তবে আপাতত মাসখানেক তাকে প্যারিসের লা স্যঁতে কারাগারের খুপরি সলিটারি সেলে কুখ্যাত ড্রাগ মাফিয়া ও সন্ত্রাসবাদীদের সঙ্গে এক জেলেই দিন কাটাতে হবে।
মঙ্গলবার সকালে প্যারিসে নিজের বাসভবন থেকে স্ত্রী তথা প্রাক্তন সুপারমডেল কার্লা ব্রুনির হাত ধরে জেলের উদ্দেশ্যে রওনা দেন সারকোজি।
বিতর্কিত ওই মামলায় আগাগোড়া নিজেকে নিরপরাধ বলে দাবি করেছেন সারকোজি। ওইদিন সকালেও এক্স হ্যান্ডলে তিনি পোস্ট করেন, ‘সত্য একদিন সামনে আসবেই। তবে তার জন্য চড়া দাম দিতে হবে। যার পরিমাণ আমি সত্যি জানি না। দেশের জনগণকে আমি বলতে চাই, প্রাক্তন প্রেসিডেন্ট নয়, জেলে গেলেন নিরপরাধ একজন সাধারণ মানুষ।’
দেশটির বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল মাকরঁ (Emmanuel Macron) এদিন বললেন, ‘বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করা উচিত নয়। কিন্তু একজন প্রাক্তন প্রেসিডেন্টের জেলে যাওয়া নিয়ে জনমানসে যে প্রতিক্রিয়া হয়েছে তাও উড়িয়ে দেওয়া যায় না।’
২০১২ সালে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকেই আইনি বিড়ম্বনা শুরু হয় সারকোজ়ির। গত বছর ডিসেম্বরে একজন ম্যাজিস্ট্রেটকে ঘুষ দেওয়ার অভিযোগে তাঁর পায়ে বেড়ি পরিয়ে রাখা হয়েছিল।
