শিলিগুড়ি : ১০ নম্বর জাতীয় সড়কের পর বিপর্যয় ঘটলো ৭১৭এ নম্বর জাতীয় সড়কে (NH)। বুধবার সকালে জাতীয় সড়কের একটি নির্মীয়মান সেতু (bridge) ভেঙে পড়ে। সেতুটি নির্মীয়মান হলেও, রাস্তা তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। যান চলাচলও শুরু হয়েছিল।
রাস্তায় কয়েকটি জায়গায় ভূমিধস ঘটায় ইতিমধ্যে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (NHIDCL) কাজ নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার সেতু বিপর্যয় সেই প্রশ্নকে আরও বড় করে তুলল।
এই রাস্তাটির পাশাপাশি ১০ নম্বর জাতীয় সড়কের দায়িত্বে রয়েছে ওই কেন্দ্রীয় সড়ক সংস্থাটি। দুটি রাস্তাই বেহাল। ফলে পাহাড়ি অঞ্চলে সংস্থাটির কাজের অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন উঠছে।
অন্যদিকে, ১০ নম্বর জাতীয় সড়কের পর ৭১৭এ জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে শিলিগুড়ি (Siliguri) এবং সিকিমের (Sikkim) মধ্যে চলাচলকারীরা। মূল্য দিতে হচ্ছে কালিম্পংকেও (Kalimpong)।
