উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে চলা এলপিজি (LPG) সংকটের জেরে বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আনল কেন্দ্র। এবার থেকে গ্রাম এবং দুর্গম এলাকার গ্রাহকরা ৪৫ দিন অন্তর রান্নার গ্যাস বুক (New LPG Reserving Guidelines) করতে পারবেন। বৃহস্পতিবার সংসদে একথা জানান কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri)। তবে শহরাঞ্চলের গ্রাহকদের জন্য সিলিন্ডার বুকিংয়ের ব্যবধান আগের মতোই ২৫ দিন থাকছে। রান্নার গ্যাসের কালোবাজারি রুখতেই বুকিংয়ের এই ব্যবধান বা ‘গ্যাপ’ বাড়ানো হয়েছে বলে দাবি।
কেন এই কড়াকড়ি?
মন্ত্রী জানিয়েছেন, ভারত তার প্রয়োজনীয় এলপিজির প্রায় ৬০ শতাংশ বিদেশ থেকে আমদানি করে। মূলত ইরান সংলগ্ন হরমুজ প্রণালী দিয়ে এই গ্যাস ভারতে আসত। কিন্তু পশ্চিম এশিয়ায় সংঘর্ষের আবহে সেই রুটে সরবরাহ বিঘ্নিত হওয়ায় গ্যাসের জোগানে টান পড়েছে। এই সংকট মোকাবিলাতেই সিলিন্ডার বুকিংয়ে রাশ টানা হয়েছে। তবে হরদীপ সিং পুরী গ্রাহকদের আশ্বস্ত করে বলেছেন, “জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত হওয়ার কারণ নেই। দেশে পেট্রোল, ডিজেল ও কেরোসিনের পর্যাপ্ত মজুত রয়েছে।”
দেশীয় উৎপাদনে জোর
মন্ত্রী জানান, আমদানিতে সমস্যা হওয়ায় দেশের অভ্যন্তরে এলপিজি উৎপাদনে বিশেষ জোর দেওয়া হয়েছে। গত ৮ মার্চের নির্দেশিকার পর দেশে গ্যাসের উৎপাদন প্রায় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া হরমুজ প্রণালীর বিকল্প হিসেবে অন্য পথেও জ্বালানি আমদানির চেষ্টা চালাচ্ছে ভারত। বর্তমানে বিশ্বের প্রায় ৪০টি দেশ থেকে অপরিশোধিত তেল কেনা হচ্ছে। সিএনজি (CNG) এবং এলএনজি (LNG) সরবরাহও স্বাভাবিক রয়েছে বলে তিনি দাবি করেন।
দাম বৃদ্ধি ও ডেলিভারি বিতর্ক
চলতি মাসেই রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৬০ টাকা বেড়েছে, যার ফলে কলকাতায় বর্তমানে এলপিজির দাম দাঁড়িয়েছে ৯৩৯ টাকা। গ্রাহকদের বড় অংশ অভিযোগ করছেন যে, গ্যাস বুক করা যাচ্ছে না অথবা বুক করলেও সময়মতো সিলিন্ডার মিলছে না। যদিও কেন্দ্রের দাবি, গ্যাস বুক করার আড়াই দিনের মধ্যেই গ্রাহক সিলিন্ডার হাতে পাচ্ছেন। তবে বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে কালোবাজারি রুখতে কিছুটা নিয়ন্ত্রণ আনা হয়েছে বলে মন্ত্রী স্বীকার করেছেন। বিশ্বজুড়ে চলা এই জ্বালানি সংকট মোকাবিলায় ভারত সদর্থক ভূমিকা পালন করছে বলেই তাঁর দাবি।
