উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবারের সন্ধ্যা ভয়াবহ বিস্ফোরণে (New Delhi Blast) কেঁপে উঠেছে দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকা। প্রাণ গিয়েছে অন্তত ১০ জনের। জখম ২৪। এই ঘটনায় শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘নয়াদিল্লির বিস্ফোরণের খবর শুনে আমি স্তম্ভিত। যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের জন্য সমবেদনা। আর যারা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ জানা গেছে, বিস্ফোরণের পরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শায়ের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ঘটনার পর দিল্লি জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
জানা গেছে, সোমবার সন্ধ্যে নাগাদ দিল্লির লালকেল্লার কাছে একটি চলন্ত গাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। ছিন্নবিচ্ছিন্ন দেহ চারদিকে ছড়িয়ে পড়ে। দমকলের ২০টি ইঞ্জিন আগুন নেভানোর পর দেহগুলি উদ্ধার করা হয়।
জানা গেছে গত কয়েকদিন ধরেই দেশে জঙ্গি গোষ্ঠীর নাশকতামূলক ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছিলেন গোয়েন্দারা। সোমবার সকালে হরিয়ানার ফরিদাবাদে অভিযান চালিয়ে জম্মু-কাশ্মীর পুলিশ বিপুল বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করে। উত্তর প্রদেশের সাহারানপুর থেকে ডঃ আদিল আহমেদ রাঠের নামক এক কাশ্মীরী চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। তাঁর সূত্র ধরেই এদিন দিল্লির অদূরে অভিযান চালিয়ে প্রথমে ৩৫০ কেজি অ্য়ামোনিয়াম নাইট্রেট, একটি একে-৪৭ সহ একাধিক অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। পরে আরও ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। ফরিদাবাদের আল ফালাহ মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. মুজাম্মিল শাকিলের ভাড়া বাড়ি থেকেই এই বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তিন মাস আগে বাড়িটি ভাড়া নিয়েছিলেন ওই চিকিৎসক। এই ঘটনায় এখনও অবধিএক মহিলা চিকিৎসকেরও হদিস পাওয়া গিয়েছে।
