New Delhi | ‘টিট ফর ট্যাট’! ভিসা পরিষেবা স্তব্ধ করল ঢাকা, চরম বিপাকে পর্যটক ও ব্যবসায়ীরা

New Delhi | ‘টিট ফর ট্যাট’! ভিসা পরিষেবা স্তব্ধ করল ঢাকা, চরম বিপাকে পর্যটক ও ব্যবসায়ীরা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দু’দেশের কূটনৈতিক সম্পর্কে কি তবে পাকাপাকিভাবে ফাটল ধরল? উত্তেজনার পারদ চড়িয়ে এবার ভারতীয় নাগরিকদের জন্য সমস্ত ধরণের ভিসা পরিষেবা এবং কনস্যুলার সার্ভিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল বাংলাদেশ। দিল্লির বাংলাদেশ হাইকমিশন সোমবার এক বিজ্ঞপ্তিতে এই চাঞ্চল্যকর সিদ্ধান্তের কথা জানিয়েছে। কূটনৈতিক মহলের মতে, ভারতের পদক্ষেপের পাল্টা হিসেবেই এই ‘টিট ফর ট্যাট’ বা বদলার নীতি নিল ঢাকা।

নিরাপত্তার দোহাই, নেপথ্যে বিক্ষোভ:
দিল্লির হাইকমিশন জানিয়েছে, গত শনিবার রাতে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনা’ নামক একটি সংগঠনের একদল বিক্ষোভকারী হাইকমিশনের সামনে চড়াও হয়। তারা কেবল ভারত-বিরোধী স্লোগানই দেয়নি, বরং হাইকমিশনারকে সরাসরি হুমকি দিয়েছে বলেও অভিযোগ। বাংলাদেশ বিদেশ মন্ত্রকের দাবি, অতি-সুরক্ষিত কূটনৈতিক এলাকায় কীভাবে এই অনুপ্রবেশ ঘটল, তা নিয়ে তারা উদ্বিগ্ন। এই নিরাপত্তাহীনতার কারণেই আপাতত ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিলিগুড়ি কানেকশন:
উত্তরবঙ্গের পাঠকদের জন্য সবথেকে উদ্বেগের বিষয় হল, গত রবিবারই শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শিলিগুড়ির এই উত্তপ্ত পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই দিল্লির হাইকমিশন এই কঠোর সিদ্ধান্ত নিল। এর আগে ভারতও বাংলাদেশের চট্টগ্রাম সহ একাধিক জায়গায় নিজেদের ভিসা পরিষেবা বন্ধ করে দিয়েছিল। অর্থাৎ, দুই দেশের মধ্যে এখন আক্ষরিক অর্থেই ‘ভিসা যুদ্ধ’ শুরু হয়ে গেল।

বিপাকে হাজার হাজার মানুষ:
হঠাৎ এই ভিসা বন্ধের ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন পর্যটক, ব্যবসায়ী এবং চিকিৎসার জন্য বাংলাদেশ যেতে চাওয়া মানুষজন। শীতের এই মরসুমে ভারত-বাংলাদেশ যাতায়াত সবথেকে বেশি থাকে। কিন্তু এই সিদ্ধান্তের ফলে উত্তরবঙ্গ সহ গোটা ভারতের হাজার হাজার মানুষ এখন অনিশ্চয়তার মুখে।

কূটনৈতিক বরফ কি গলবে?
সাম্প্রতিককালে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ইসকন সন্ন্যাসীর গ্রেপ্তার নিয়ে দুই দেশের টানাপোড়েন তুঙ্গে। ভারতের বিদেশ মন্ত্রক কড়া প্রতিক্রিয়া দিলেও ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার তা নিয়ে পাল্টা তোপ দেগেছে। বিশেষজ্ঞ মহলের আশঙ্কা, এই ভিসা পরিষেবা বন্ধের ঘটনা দুই দেশের সম্পর্ককে গত কয়েক দশকের মধ্যে সবথেকে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *