Nepal Helicopter Crash | অবতরণের সময় বিপত্তি, দু’টুকরো হয়ে গেল হেলিকপ্টার! যা হল তারপর…

Nepal Helicopter Crash | অবতরণের সময় বিপত্তি, দু’টুকরো হয়ে গেল হেলিকপ্টার! যা হল তারপর…

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নেপালের আকাশে ফের বড়সড়ো বিমান দুর্ঘটনা (Nepal Helicopter Crash)। বুধবার খোটাং জেলায় অবতরণের সময় একটি যাত্রীবাহী হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনার তীব্রতায় কপ্টারটি মাঝখান থেকে দু’টুকরো হয়ে গেলেও, অলৌকিকভাবে প্রাণে বেঁচে গিয়েছেন পাঁচ যাত্রী। তবে একজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

কাঠমান্ডু (Kathmandu) থেকে এক ব্যক্তির মরদেহ নিয়ে খোটাং জেলার একটি পাহাড়ি গ্রামে আসছিল ‘দ্য এয়ার ডাইনাস্টি’ সংস্থার ওই হেলিকপ্টারটি। একটি কৃষিখেতের মধ্যে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। নেপালের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার বেলা ১১টা ৫১ মিনিট নাগাদ কপ্টারটি অবতরণ করার চেষ্টা করে। সেই সময় প্রবল হাওয়া এবং উড়ন্ত ধুলোর কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় পাইলট নিয়ন্ত্রণ হারান।

দুর্ঘটনার তীব্রতা:

সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়া ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) দেখা গিয়েছে, কপ্টারটি হেলিপ্যাড ছোঁয়ার মুহূর্তেই কয়েক চক্কর ঘুরে গোত্তা খেয়ে আছড়ে পড়ে। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই সেটি ভেঙে দু’টুকরো হয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। খোটাং জেলা প্রশাসনের শীর্ষকর্তা রেখা খান্ডেল জানিয়েছেন, কপ্টারে থাকা সকলকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের পায়ে সামান্য চোট লেগেছে, বাকিরা সুস্থ আছেন।

নেপালের বিমান কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। যান্ত্রিক গোলযোগ না কি প্রতিকূল আবহাওয়া— ঠিক কী কারণে এই বিপর্যয়, তা খতিয়ে দেখা হচ্ছে। পাহাড়ি দুর্গম এলাকায় আকাশপথে যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *