NBSTC Sensible Card Launch | এনবিএসটিসি-তে স্মার্ট কার্ড যুগের সূচনা, পকেটে সাশ্রয়, যাতায়াতে গতি, আসছে ৯৩টি নতুন বাস

NBSTC Sensible Card Launch | এনবিএসটিসি-তে স্মার্ট কার্ড যুগের সূচনা, পকেটে সাশ্রয়, যাতায়াতে গতি, আসছে ৯৩টি নতুন বাস

ব্লগ/BLOG
Spread the love


গৌরহরি দাস, কোচবিহার: প্রতীক্ষার অবসান। অবশেষে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে যাতায়াতের ক্ষেত্রে স্মার্ট কার্ড (NBSTC Sensible Card Launch) চালু হল। শুক্রবার আনুষ্ঠানিকভাবে কোচবিহার (Cooch Behar) শহরের কেশব রোডে নিগমের বাস টার্মিনাসে এই পরিষেবা চালু হয়। পাঁচজন যাত্রীর হাতে স্মার্ট কার্ড তুলে দেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ও ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই। এদিন তাঁরা সাগরদিঘির পশ্চিম দিকে সংস্কার হওয়া নিগমের পরিবহণ ভবনের উদ্বোধন করেন। এরপর একটি সাংবাদিক বৈঠক করে নিগম কর্তৃপক্ষের তরফে জানানো হয়, খুব শীঘ্রই ৪০ কোটি টাকা ব্যয়ে ৯৩টি নতুন বাস কেনা হবে।

পার্থপ্রতিম বলেন, ‘আমরা স্মার্ট কার্ড পরিষেবা চালু করলাম। পাশাপাশি ৪০ কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্দ পেয়েছি। এই টাকা দিয়ে আমরা ৯৩টি নতুন বাস কিনব, এর মধ্যে ১৪টি সিএনজি বাস, ৫৬টি শীতাতপনিয়ন্ত্রিত বাস, ১৮টি সাধারণ বাস ও ৫টি রকেট বাস।’ অন্যদিকে দীপঙ্কর বলেন, ‘একবার কার্ড নেওয়ার পর ছয় মাসের মধ্যে আবার রিনিউ করতে হবে। আমাদের ডিপোগুলি থেকে এই কার্ড করা যাবে।’ শুধু স্মার্ট কার্ড চালু ও নতুন বাস কেনাই নয়, সাংবাদিক বৈঠকে গত সাড়ে চার বছরে নিগমের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন চেয়ারম্যান।

যদিও প্রশ্ন হচ্ছে, এই স্মার্ট কার্ডে যাত্রীরা অতিরিক্ত কী কী সুবিধা পাবেন। এনবিএসটিসি জানিয়েছে, এর ফলে বারবার টিকিট কেনার ঝামেলা থাকবে না। এছাড়া ভাড়ার ক্ষেত্রেও যাত্রীরা লাভবান হবেন। ৩০০ টাকা খরচ করে স্মার্ট কার্ড করালে, যাত্রীরা পেয়ে যাবেন অতিরিক্ত ১০ শতাংশ। অর্থাৎ, ৩৩০ টাকার যাত্রাপথ তাঁরা যেতে পারবেন। আবার ৬০০ টাকা দিয়ে স্মার্ট কার্ড নিলে ৬৯০ টাকার যাতায়াত করা যাবে। অর্থাৎ পাওয়া যাবে ১৫ শতাংশ অতিরিক্ত।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে যাতায়াতের সুবিধার জন্য স্মার্ট কার্ড চালুর দাবি দীর্ঘদিনের। অবশেষে চালু হওয়ায় যাত্রীরা খুশি। এদিন স্মার্ট কার্ড নেন কালজানির পরিতোষ রায়। তিনি বলেন, ‘আমি সপ্তাহে তিন থেকে চারদিন বাসে যাতায়াত করি। ৩০০ টাকার স্মার্ট কার্ড নিয়েছি। ৩০ টাকা বেশি পেয়েছি। ফলে আর্থিক দিক দিয়ে যেমন আমার সুবিধা হল, তেমন প্রতিদিন টিকিট কাটার চিন্তাও থাকল না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *