উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের উপর ক্ষুব্ধ আমেরিকা। শাস্তিস্বরূপ ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে মার্কিন প্রশাসন। ট্রাম্প প্রশাসনের যুক্তি, ভারত তেল কেনায় ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালানোর অর্থনৈতিক রসদ পেয়ে যাচ্ছে আমেরিকা। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ফোন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। তিনি প্রধানমন্ত্রীকে যুদ্ধের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে অবগত করেন। পাশাপাশি রাশিয়া থেকে তেল আমদানি নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন।
ফোনালাপের পরে এক্স হ্যান্ডেলে এক বার্তায় জেলেনস্কি লিখেছেন,‘ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি – আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা এবং সামগ্রিক কূটনৈতিক পরিস্থিতি সবটা নিয়েই কথা হয়েছে। আমাদের দেশের মানুষের প্রতি সমর্থনের জন্য আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।’
জেলেনস্কি জানান, ভারত আমাদের শান্তি প্রচেষ্টাকে সমর্থন করছে। তারা জানিয়েছে, ইউক্রেন (Ukraine) সম্পর্কিত যেকোনও সিদ্ধান্তই ইউক্রেনের অংশগ্রহণের মাধ্যমেই নেওয়া উচিত। এর বাইরে কিছু করা হলে তাতে কাঙ্খিত ফলাফল মিলবে না।
এছাড়াও, দুই নেতা রাশিয়ার (Russia) বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলি নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। জেলেনস্কি উল্লেখ করেন ‘এই যুদ্ধের ধারাবাহিকতা বজায় রাখার জন্য রাশিয়ার শক্তি, বিশেষ করে তেল রপ্তানি সীমিত করা প্রয়োজন। রাশিয়ার উপর প্রভাব রয়েছে এমন প্রতিটি নেতার মস্কোকে বার্তা পাঠানো খুবই গুরুত্বপূর্ণ।’ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ সভার বৈঠকের সময় বৈঠকের বিষয়ে দুই রাষ্ট্রনেতা সন্মত হয়েছেন বলে জানা গেছে। জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়ে রাশিয়ার সঙ্গে সংঘাতের শান্তিপূর্ণ নিষ্পত্তির প্রতি ভারতের দৃঢ় ও ধারাবাহিক সমর্থনের কথা উল্লেখ করেছেন। প্রধাননমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গে কথা বলতে এবং সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি জানতে পেরে আনন্দিত। সংঘাতের দ্রুত এবং শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার বিষয়ে ভারতের অবিচল অবস্থান আমি জানিয়েছি। ভারত এই বিষয়ে সম্ভাব্য সকল সাহায্য করার পাশাপাশি ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
