উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনেকেই দৈনন্দিন খাবারে মাশরুম (Mushroom) রাখেন। এই মাশরুমে ভিটামিন ডি থেকে শুরু করে নানা রকম পুষ্টিকর উপাদান রয়েছে। তবে মাশরুমে এমন কিছু গুণ রয়েছে যা ওজন কমাতেও সাহায্য করে। যারা ওজন কমানোর কথা ভাবছেন তাঁরা অনায়াসেই খাদ্যতালিকায় এটি রাখতে পারেন। কী গুণ রয়েছে মাশরুমে, যে এটি খেলে ওজন কমবে, তা জানুন।
ভিটামিন ডি: মাশরুমে ভিটামিন ডি রয়েছে। এটি শরীরে মেদ-কোষ তৈরি হতে দেয় না। কাজের শক্তি বজায় রাখে, মেজাজ ভালো রাখে যা বেশি খাওয়াদাওয়ার সমস্যাও দূরে রাখে। ভিটামিন ডি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ওজন কমাতে সাহায্য করে।
ক্যালোরি কম: ওজন কমানোর জন্য পুষ্টিবিদেরা প্রথমেই দৈনিক ক্যালোরির পরিমাণ কমাতে বলেন। মাশরুমে ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম। ১০০ গ্রাম মাশরুমে ক্যালোরির পরিমাণ মাত্র ২২।
প্রোটিন বেশি: প্রোটিনও অনেকটা পরিমাণেই থাকে মাশরুমে। ১০০ গ্রাম মাশরুমে রয়েছে ১০ গ্রামের কাছাকাছি প্রোটিন।
ফাইবার বেশি, শর্করা কম: ওজন কমানোর জন্য ফাইবার বেশি রয়েছে এমন শর্করা খেতে বলেন চিকিৎসকেরা। প্রতি ১০০ গ্রাম মাশরুমে রয়েছে ৩.৩ গ্রাম শর্করা। যার মধ্যে ফাইবার রয়েছে ২ গ্রামের কাছাকাছি।
