খরগ্রাম: মুর্শিদাবাদের(Murshidabad) খরগ্রাম গ্রামীণ হাসপাতালের নার্সের আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার প্রেমিক। অভিযোগ, ১৪ বছর ধরে সঙ্গীতা পাল নামে ওই নার্সের সঙ্গে সম্পর্কে থাকার পর সম্প্রতি অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চলেছিলেন অভিযুক্ত প্রেমিক জয়ন্ত ঘোষ। অভিযোগ দায়ের হতেই পেশায় স্কুল শিক্ষক জয়ন্ত ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ।
সম্প্রতি সঙ্গীতা জানতে পেরেছিলেন জয়ন্তর সঙ্গে অপর একটি মহিলার সম্পর্ক রয়েছে, তিনি বিয়ের প্রস্তুতিও নিচ্ছেন। আর এরপরই শুরু হয় সম্পর্কে টানাপোড়ন। সঙ্গীতা বারবার জয়ন্তকে ফোন করলেও তিনি ফোন ধরেনি। শেষ পর্যন্ত সঙ্গীতা কীটনাশক খেয়ে আত্মঘাতী হন। মৃতার বাবা অমল পাল জয়ন্তর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগের পর থেকেই জয়ন্ত পলাতক ছিল। অবশ্য পুলিশ তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অমল পাল বলেন, ‘সঙ্গীতাকে বিয়ের প্রস্তাব দিয়ে ওর থেকে উপার্জনের টাকাও নিয়ে নিত জয়ন্ত। অপরাধীর কঠোর সাজা হওয়া প্রয়োজন।’
