উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বঙ্গ রাজনীতির এক নক্ষত্রপতন। রবিবার গভীর রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন রাজনীতির ‘চাণক্য’ মুকুল রায় (Mukul Roy)। সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে রাজ্য রাজনীতি। বাবার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না পুত্র তথা বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়।
শুভ্রাংশু রায় জানান, রাজনীতিতে অতি সক্রিয় থাকার কারণে বাবার সান্নিধ্য তিনি খুব কম পেয়েছেন। কিন্তু যেটুকু সময় পাশে পেয়েছেন, তা ছিল এক বন্ধুর মতো। তিনি বলেন, “বাবা সবসময় রাজনীতি নিয়ে ব্যস্ত থাকতেন। কিন্তু জীবনের সব কঠিন সময়ে তাঁকে পাশে পেয়েছি। বড় বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন আমার পথপ্রদর্শক।”
হাসপাতাল থেকে মরদেহ বর্তমানে কাঁচড়াপাড়ার ঘটক রোডের বাড়িতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে পরিজন ও অনুগামীরা শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর কাঁচড়াপাড়া থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে হালিশহর শ্মশানে, সেখানেই সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। তাঁর প্রয়াণে কাঁচড়াপাড়া ও হালিশহর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিগত কয়েক বছর ধরে কিডনির সমস্যা ও বার্ধক্যজনিত অসুস্থতায় কাবু ছিলেন তিনি। হাসপাতালে বারবার ভর্তি হতে হলেও শেষ রক্ষা হলো না। বাংলার এক কুশলী রণকৌশলী হিসেবে মুকুল রায়ের নাম ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে।
