উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ একদিকে যখন ক্রিকেট বিশ্বকাপ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে, তখন মাঠের বাইরে চরম লাঞ্ছনার শিকার পাকিস্তানের জাতীয় খেলা হকির (Pakistan Hockey) তারকারা। এফআইএইচ (FIH Professional League) প্রো লিগের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া গিয়ে হোটেলের বিল মেটানোর টাকা না থাকায় কার্যত গৃহহীন হয়ে পড়লেন পাক খেলোয়াড়রা। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার রাস্তায় ব্যাগ কাঁধে ঘণ্টার পর ঘণ্টা ঘুরতে দেখা গেল তাঁদের।
জানা গিয়েছে, ক্যানবেরায় পাকিস্তান হকি দলের জন্য একটি ফোর স্টার হোটেল বুক করা হয়েছিল। পাকিস্তান হকি ফেডারেশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে সমস্ত খরচ বোর্ড মেটাবে। কিন্তু গত সপ্তাহে যখন দল ক্যানবেরায় পৌঁছায়, তখন জানা যায় হোটেলের বকেয়া টাকা না মেটানোয় বুকিং ক্যানসেল করে দেওয়া হয়েছে। এমনকি এই বিপদে দলের কোচ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো সাড়া পাননি।
বিদেশের মাটিতে জাতীয় দলের এই দুরবস্থা দেখে এগিয়ে আসেন স্থানীয় পাকিস্তানি বাসিন্দারা। তাঁদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত হোটেলের ব্যবস্থা হলেও সমস্যা মেটেনি। হোটেলে পর্যাপ্ত ঘর খালি না থাকায় এক একটি ছোট ঘরে দুই থেকে তিনজন খেলোয়াড়কে গাদাগাদি করে রাত কাটাতে হয়েছে। দীর্ঘ ভ্রমণের ধকল এবং এই মানসিক যন্ত্রণার রেশ কাটতে না কাটতেই পরের দিন তাঁদের মাঠে নামতে হয়, যার ফলশ্রুতি হিসেবে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে পাকিস্তানকে।
এটিই প্রথম নয়, এর আগে আর্জেন্টিনাতেও একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল পাক হকি খেলোয়াড়দের। বারবার এই ধরনের ঘটনায় বিশ্ব ক্রীড়া মহলে পাকিস্তানের সম্মান ধুলোয় মিশছে। দেশের জাতীয় খেলার প্রতি বোর্ডের এমন উদাসীনতায় ক্ষুব্ধ ক্রীড়াপ্রেমীরা।
