Mojtaba Khamenei | ইরানের মসনদে খামেনেই পুত্রই! ট্রাম্পের দাবি উড়িয়ে মোজতবাই নতুন ‘সর্বোচ্চ নেতা’

Mojtaba Khamenei | ইরানের মসনদে খামেনেই পুত্রই! ট্রাম্পের দাবি উড়িয়ে মোজতবাই নতুন ‘সর্বোচ্চ নেতা’

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল তেহরান (Tehran)। আয়াতোল্লা আলি খামেনেইয়ের উত্তরসূরি হিসেবে তাঁর পুত্র মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)-এর নাম সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সংবাদসংস্থা সূত্রে খবর, ইরানের ৮৮ সদস্যের ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্টস’ সর্বসম্মতিক্রমে মোজতবাকে এই শীর্ষ পদের জন্য বেছে নিয়েছে। এই ঘোষণার ফলে ইরানের শাসনব্যবস্থা ও সামরিক বাহিনীর ওপর চূড়ান্ত নিয়ন্ত্রণ এখন মোজতবার হাতে।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ বিমান হামলায় মৃত্যু হয় ইরানের দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। তাঁর মৃত্যুর পর থেকেই কে হবেন পরবর্তী প্রধান, তা নিয়ে বিশ্বজুড়ে টানটান উত্তেজনা ছিল। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) হুঁশিয়ারি দিয়েছিল যে, খামেনেইয়ের উত্তরসূরি যেই হোন না কেন, তিনিই হবেন ইজরায়েলের পরবর্তী লক্ষ্য। এমনকি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। তবে সেই হুমকি উপেক্ষা করেই মোজতবার ওপর আস্থা রাখল ইরান।

ট্রাম্পের প্রস্তাব ও ইরানের কড়া জবাব:

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে আমেরিকার মতামত থাকা প্রয়োজন। ট্রাম্পের বার্তা ছিল— আমেরিকার পছন্দমতো কাউকে নিয়োগ করা হলে ইরানকে অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করবে হোয়াইট হাউস। কিন্তু প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সেই দাবি সপাটে খারিজ করে দেন। তিনি স্পষ্ট জানান, ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ কেবল ট্রাম্পের স্বপ্ন হয়েই থাকবে। মোজতবার নিয়োগের পর পেজেশকিয়ান বলেন, “এই সিদ্ধান্ত ইরানের জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে যোগ্য জবাব দেবে।”

উত্তপ্ত পশ্চিম এশিয়া ও তেলের বাজার:

রাষ্ট্রপুঞ্জে ইরানের দূতের দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন-ইজরায়েলি হামলায় ইরানে এ পর্যন্ত ১৩৩২ জনের মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন সাত মার্কিন সেনাও। এই সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী। ট্রাম্প অবশ্য সাফ জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত তেলের দাম কমার সম্ভাবনা নেই। বিশ্ব শান্তির স্বার্থে এই ‘সামান্য মূল্য’ বিশ্ববাসীকে চুকিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মোজতবা খামেনেইয়ের এই অভিষেক পশ্চিম এশিয়ার ভূ-রাজনীতিতে এক নতুন মোড় আনল। এখন দেখার, ইজরায়েলি হুমকির মুখে কীভাবে নিজের গদি রক্ষা করেন এই নতুন সর্বোচ্চ নেতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *