উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লাইভ পারফরম্যান্স চলাকালীন মঞ্চে হঠাৎ পড়ে গেলেন জনপ্রিয় গায়ক মোহিত চৌহান (Mohit Chauhan)। ভোপালের (Bhopal) এইমস আয়োজিত ‘রেটিনা ৮.০’ অনুষ্ঠানে ঘটনাটি ঘটে। ঘটনার পর কিছুক্ষণের জন্য থমকে যায় শো।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়েছে ভিডিও (ভিডিও’র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)। সেখানে দেখা যাচ্ছে, ৫৯ বছরের গায়ক গাইছিলেন রকস্টার ছবির জনপ্রিয় গান ‘নাদান পরিন্দে’। গানটির ক্লাইম্যাক্সে তিনি মঞ্চের সামনে এগিয়ে আসতেই ঘটে বিপত্তি। হঠাৎ এক স্টেজ লাইটে পা আটকে ভারসাম্য হারান তিনি। চোখের পলকে মাটিতে পড়ে যান। শোয়ের আয়োজক ছুটে গিয়ে তাঁকে সাহায্য করেন। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় অনুষ্ঠান। যদিও বড় ধরনের চোটের খবর পাওয়া যায়নি। তবে গোটা ঘটনায় মুহূর্তে বদলে দেয় সেখানকার পরিবেশ।
প্রসঙ্গত, এরকমই এক কনসার্ট চলাকালীন কেকে (KK)-র পরিণতির কথা সকলেরই জানা। সেই কনসার্ট হয়েছিল কলকাতায়। তাই এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন দর্শকরা। এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেননি শিল্পী। তবে তিনি সুস্থ আছেন বলে জানা গিয়েছে।
