উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত ও ফ্রান্সের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এক নতুন উচ্চতায় পৌঁছাল। মঙ্গলবার মুম্বইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে এক অত্যন্ত ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠকের (Modi Macron Meet) পর দুই দেশ প্রতিরক্ষা, দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি সহযোগিতা, বাণিজ্য এবং স্বাস্থ্যের মতো ২০টি ভিন্ন ক্ষেত্রে চুক্তিবদ্ধ হলো। বিশ্ব রাজনীতির বর্তমান অস্থির আবহে এই কৌশলগত অংশীদারিত্বকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
সোমবার গভীর রাতে সস্ত্রীক মুম্বইয়ে অবতরণ করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সফরের শুরুতেই তিনি দিল্লিতে ‘আন্তর্জাতিক এআই সামিটে’ অংশ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহার নিয়ে আলোচনা করেন। এরপর মঙ্গলবার মুম্বইতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একান্ত বৈঠকে বসেন তিনি। বাণিজ্য থেকে শুরু করে পারমাণবিক শক্তি এবং ডিজিটাল প্রযুক্তি— একাধিক বিষয়ে দীর্ঘ আলোচনার পর চুক্তিগুলি চূড়ান্ত করা হয়।
যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আজ বিশ্ব এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিবেশে ভারত-ফ্রান্স অংশীদারিত্ব বিশ্বব্যাপী স্থিতিশীলতার জন্য একটি জরুরি স্তম্ভ।” তিনি আরও যোগ করেন যে, ফ্রান্স ভারতের অন্যতম বিশ্বস্ত বন্ধু এবং উভয় দেশের সম্পর্কের গভীরতাই ভারতের অন্যতম প্রধান শক্তি।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “রাফালে জেট থেকে শুরু করে সাবমেরিন— আমরা আমাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ করছি। ভারতের মতো বিশ্বস্ত অংশীদার আমাদের খুব কমই আছে।” ২০টি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও, চুক্তির খুঁটিনাটি বিষয়গুলি এখনও বিস্তারিতভাবে জনসমক্ষে আনা হয়নি। তবে প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারত যে বড় অঙ্কের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা পেতে চলেছে, তা কার্যত নিশ্চিত।
