Modi in Hooghly | হুগলিতে মোদী: ‘এক জেলা এক পণ্য’ ও সিন্ডিকেট-মুক্ত বাংলার গ্যারান্টি

Modi in Hooghly | হুগলিতে মোদী: ‘এক জেলা এক পণ্য’ ও সিন্ডিকেট-মুক্ত বাংলার গ্যারান্টি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অর্থনৈতিক ভোলবদলের পাশাপাশি আইনশৃঙ্খলার আমূল সংস্কার হবে, এমনই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলির সিঙ্গুরে (Modi in Hooghly) তাঁর বক্তৃতায় উঠে এল বাংলার হৃত গৌরব পুনরুদ্ধার, ‘এক জেলা এক পণ্য’ নীতি এবং নারী সুরক্ষার মতো বিষয়গুলি। একইসঙ্গে সন্দেশখালি এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন তিনি।

অর্থনৈতিক দিশা: ‘এক জেলা, এক পণ্য’

বাংলার ভৌগোলিক ও প্রাকৃতিক সম্পদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গের বিশাল সামর্থ্য রয়েছে। নদী, উপকূলরেখা এবং উর্বর জমির পাশাপাশি এখানকার মানুষের মেধা ও প্রতিভাও অসীম।” তিনি জানান, বিজেপি সরকার গড়লে প্রতিটি জেলার নিজস্বতা অনুযায়ী আলাদা পরিকল্পনা তৈরি করবে। হুগলির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এখানকার ধনেখালির শাড়ি, পাট এবং হস্তশিল্পের বিশাল সম্ভাবনা রয়েছে। বিজেপি ‘এক জেলা, এক পণ্য’ (One District, One Product) প্রকল্পের মাধ্যমে এই স্থানীয় শিল্পগুলিকে বিশ্বমানের করতে উৎসাহ দেওয়া হবে। পাশাপাশি, পাট শিল্পের পুনরুজ্জীবনে প্লাস্টিকের বিরুদ্ধে কড়া নীতি গ্রহণের কথাও জানান তিনি।

আইনশৃঙ্খলা ও সিন্ডিকেট রাজের অবসান

বিনিয়োগের জন্য আইনশৃঙ্খলার উন্নতির ওপর জোর দিয়ে মোদী অভিযোগ করেন, ‘রাজ্যে মাফিয়াদের ছাড় দিয়ে রাখা হয়েছে এবং সব কিছুতে সিন্ডিকেট ট্যাক্স বসানো হয়েছে।’ তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এলেই এই মাফিয়া ও সিন্ডিকেট রাজ শেষ হবে—এটাই ‘মোদীর গ্যারান্টি’। রাজ্যের নারী নিরাপত্তা ও সন্দেশখালির ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনার একটি ভোটই নিশ্চিত করবে এ রাজ্যে সন্দেশখালির মতো ঘটনা আর হবে না এবং কলেজে ধর্ষণ বা হিংসায় লাগাম পরানো যাবে।’ পাশাপাশি, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়ে তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে আর হাজার হাজার শিক্ষককে চাকরি হারাতে হবে না।

উন্নয়নের নজির: ত্রিপুরার তুলনা

উন্নয়নের প্রশ্নে প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উদাহরণ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ত্রিপুরায় বাম জমানায় ১০০টির মধ্যে মাত্র ৪টি বাড়িতে পানীয় জল পৌঁছত। কিন্তু বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রচেষ্টায় আজ সেখানে ১০০টির মধ্যে ৮৫টি বাড়িতে জল সরবরাহ হচ্ছে।” পশ্চিমবঙ্গে এখনও অর্ধেক মানুষের বাড়িতে জল পৌঁছয় না বলে আক্ষেপ প্রকাশ করে তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি সরকার গড়লে এই পরিস্থিতির দ্রুত পরিবর্তন হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *