লখনউ : উত্তরপ্রদেশের মির্জাপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার চুনার জংশনে ঘটনাটি ঘটেছে। হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস ওই যাত্রীদের ধাক্কা দেয়। ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছাতে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন চুনার জংশনে চোপান-প্রয়াগরাজ এক্সপ্রেস থেকে নেমেছিলেন ওই যাত্রীরা। তাঁরা তাড়াহুড়ো করে রেললাইন পার হচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস তাঁদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। যদিও রেলের তরফে মৃতের সঠিক সংখ্যা এখনও জানানো হয়নি। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মুখ্যমন্ত্রী এসডিআরএফ এবং এনডিআরএফ দলকে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন।
