উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের আকাশ থেকে ঝরে পড়া আগুনের গোলা কেড়ে নিল কয়েক ডজন নিষ্পাপ প্রাণ। শনিবার দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে। আমেরিকা ও ইজরায়েলের যৌথ বিমান অভিযান চলাকালীন এই মর্মান্তিক ঘটনাটি ঘটে, যা গোটা ইরানকে শোকস্তব্ধ করে দিয়েছে।
মৃত্যু মিছিল মিনাবে!
শনিবার সকালে যখন তেহরান সহ গোটা দেশজুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হানা শুরু হয়, তখনই মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয় লক্ষ্য করে এই হামলা চালানো হয়। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা কম থাকলেও, সন্ধ্যার দিকে ইরানের বিচার বিভাগীয় ওয়েবসাইট ‘মিজান অনলাইন’ (Mizan On-line) স্থানীয় প্রসিকিউটর অফিসের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে যে, নিহতের সংখ্যা বেড়ে ৮৫ হয়েছে।
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন,”যে ভবনটি ধ্বংস করা হয়েছে, সেটি দক্ষিণ ইরানের একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়। দিনের বেলা যখন স্কুলটি ছোট ছোট ছাত্রীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল, তখনই সেখানে বোমা বর্ষণ করা হয়েছে। কয়েক ডজন নিরীহ শিশুকে হত্যা করা হয়েছে। ইরানি জনগণের বিরুদ্ধে এই অপরাধের যোগ্য জবাব দেওয়া হবে।”
নিশানায় কি আইআরজিসি ঘাঁটি?
মিনাব শহরটি ইরানের ‘ইসলামিক রেভোলিউশনারি গার্ডস’ (IRGC)-এর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটির জন্য পরিচিত। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, আইআরজিসি-র ওই ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের বালিকা বিদ্যালয়ে আঘাত হানে। তবে এই ব্যাপক প্রাণহানির ঘটনায় ইরান জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
