দুর্গাপুর: দেশের সেবা করতে গিয়ে অকালে প্রাণ হারালেন দুর্গাপুরের ভূমিপুত্র, ভারতীয় সেনাবাহিনীর জওয়ান অজয় জয়সওয়াল (Military Jawan Martyred)। জম্মুতে সেনাবাহিনীর গোলা নিক্ষেপের মহড়া চলাকালীন এক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। শুক্রবার সকালে শহিদ জওয়ানের মরদেহ দুর্গাপুরের মামড়া বাজারের বিদ্যাসাগর পল্লীর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা।
শহিদ অজয় জয়সওয়ালের মরদেহ বৃহস্পতিবার বিকেলে বিমানে করে অন্ডাল বিমানবন্দরে আনা হয়েছিল। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় পানাগড় বায়ুসেনা ঘাঁটিতে। শুক্রবার সকালে সেখান থেকে তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। সেনার সুসজ্জিত ট্রাকে করে তাঁর নিথর দেহ যখন পাড়ায় ঢোকে, তখন ‘ভারতমাতা কি জয়’ ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। শহিদ জওয়ানকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ও গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয়।
শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক (SDO) সুমন বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায় সহ বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল মুখোপাধ্যায়, শিপুল সাহা ও রাজেশ কোনার। তাঁরা শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।
অজয়বাবুর অকাল প্রয়াণে শুধু তাঁর পরিবার নয়, গোটা মামড়া বাজার এলাকায় স্তব্ধতা নেমে এসেছে। পাড়ার এক উজ্জ্বল ও সাহসী যুবকের এমন চলে যাওয়া মেনে নিতে পারছেন না এলাকাবাসী। এদিন পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের পাশাপাশি কয়েক হাজার সাধারণ মানুষ শহিদ জওয়ানকে শেষবারের মতো দেখতে ভিড় জমান।
