গৌড়বঙ্গ ব্যুরো: পরিযায়ী পাখির সংখ্যা ভীষণভাবে কমে যাওয়ায় বন দপ্তরকে রবিবার বিভিন্ন জায়গায় পাখি গণনার কাজ স্থগিত রাখতে হল (Migratory Birds)। বন দপ্তরের রায়গঞ্জ বিভাগের তরফে এদিন কুশমণ্ডি ও হরিরামপুর ব্লকে শীতকালীন জলজ পরিযায়ী পাখি গণনার আয়োজন করা হয়েছিল। সেই কাজের জন্য কুশমণ্ডির রেঞ্জ অফিসার জয়প্রকাশ রায়ের সঙ্গে পাখি গণনাকারী দেবাশিস দত্ত, রাজশ্রী চৌধুরী এবং দেবজিৎ সরকার কুশমণ্ডি ব্লকের মহিপালদিঘিতে আসেন। কিন্তু পক্ষী গণনাকারী দলকে এদিন হতাশ হয়েই ফিরতে হল। একসময় এই দিঘিতে সুদূর সাইবেরিয়া থেকে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আসত। কিন্তু বর্তমানে পাল আমলে খনন করা এই দিঘির পুরোটাই কচুরিপানায় ছেয়ে গিয়েছে। এই কারণে এই দিঘিতে এবার পরিযায়ী পাখির দেখা নেই।
একসময় এই দিঘিটি স্থানীয় একটি মাছ চাষকারী সংস্থাকে লিজে দেওয়া হয়েছিল। লিজের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর বিভিন্ন কারণে এই দিঘিতে মাছ চাষ নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। সেই কারণেই বর্তমানে এই দিঘিটি কচুরিপানায় ছেয়ে গিয়েছে। এই প্রসঙ্গে দেবাশিস বলেন, ‘পুরো দিঘি কচুরিপানায় ছেয়ে যাওয়ার কারণেই এই বছর পাখিরা এই দিঘিতে আসেনি।’ দিঘির এই অবস্থার জন্য পরিবেশকর্মী তুহিনশুভ্র মণ্ডল প্রশাসনের উদাসীনতাকেই দুষেছেন।
মহিপালদিঘিতে না হলেও এদিন হরিরামপুর ব্লকের আলতাদিঘি, গৌড়দিঘি ও মালিয়ানদিঘিতে পক্ষী গণনার কাজ হয়। গণনাকারীরা জানান, এদিন লেসার হুইসলিং ডাক, গ্রেট করমোরেন্ট, লিটিল করমোরেন্ট, সাইবেরিয়ান স্টোনচ্যাট, ওরিয়েন্টাল হনি বুজার্ড, গ্রে হেডেড সোয়ামফেন, কমন মুরহেন, কমন কিংফিশার, হোয়াইট থ্রোটেড কিংফিশার, পাইড কিংফিশার জাতীয় পাখি দেখা গিয়েছে।
বন দপ্তরের তরফে রবি এবং সোমবার উত্তর দিনাজপুরের বিভিন্ন জলাশয়ে পরিযায়ী পাখি গণনার পরিকল্পনা করা হয়েছিল। এই কারণে বন দপ্তর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং পক্ষী বিশেষজ্ঞদের নিয়ে সভাও করেছিল। কিন্তু এদিন জেলার বিভিন্ন জলাশয় পর্যবেক্ষণ করে বন দপ্তরকে রিপোর্ট দেন যে এই বছর জলাশয়গুলিতে পরিযায়ী পাখিদের সংখ্যা হাতেগোনা। রায়গঞ্জের নিহালি বিল, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিকের পুকুর, পানিশালার দ্বীপ রাজার পুকুরে এমনকি রায়গঞ্জের কুলিক নদীতেও এই বছর সেভাবে পাখির দেখা পাওয়া যাচ্ছে না। এই কারণে এদিন পক্ষী গণনার কাজ স্থগিত রাখা হয়। রায়গঞ্জ বন বিভাগের রেঞ্জ অফিসার শৌভিক ঝা বলেন, ‘পাখি গণনাকারীদের সঙ্গে কথা বলে এবং শীতকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে রবি ও সোমবার পাখি গণনা স্থগিত রাখা হল। মঙ্গলবার পরবর্তী গণনার তারিখ জানানো হবে।’
