উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘অপারেশন মিডনাইট হ্যামার’, শনিবার রাতে ইরানে চালানো আমেরিকার এই সামরিক অভিযানের নিশানায় ছিল ইরানের তিনটি পরমাণু কেন্দ্র- ফোরদো, নাটানজ এবং ইসফাহান। রবিবার আমেরিকার জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এই অভিযান সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে আনলেন।
তিনি জানান, এই অভিযানের প্রথমে ইরানের সেনাকে বিভ্রান্ত করার জন্য কিছু যুদ্ধবিমানকে ইচ্ছা করে ভুল দিকে(প্রশান্ত মহাসাগরের দিকে)পাঠিয়ে দেওয়া হয়। এর ফলে ওই বিমানগুলির দিকে নজরদারী করতে গিয়ে বিভ্রান্ত হয় ইরানের সেনাবাহিনী। আর এই সুযোগেই ইরানে হামলা চালায় ১২৫ টির বেশি মার্কিন যুদ্ধবিমান। এগুলির মধ্যে ছিল ৭-টি স্টেলথ বি-২ বোমারু বিমান।
তিনি আরও জানান যে, ফোরদো ও নাটানজ কেন্দ্রে ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বোমা ছোড়া হয়, যার ওজন ছিল প্রায় ১৩,৬০০ কেজি। অপরদিকে ইসফাহান ছিল টোমাহক ক্রুজ মিসাইলের নিশানায়। তিনি এও দাবি করেন যে, অভিযানটি শুরু হয় ৬ টা ৪০ মিনিটে (ইস্টার্ন টাইম) এবং সন্ধ্যা ৭ টা ৫ মিনিটের মধ্যে অভিযান সম্পূর্ণ করে সব কটি মার্কিন বিমান ইরানের আকাশসীমা ছেড়ে বেরিয়ে যায়। তাঁর দাবি, ইসফাহান কেন্দ্রে যে টোমাহক মিসাইলটি ছোড়া হয়েছে, তা ছোড়া হয় একটি মার্কিন সাবমেরিন থেকে। এই অভিযান প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘এই হামলায় সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানের পারমাণবিক কর্মকাণ্ডকে।’
