আসানসোল: বিশ্বজয়ী ফুটবল তারকা লিওনেল মেসি (Lionel Messi) এবার আসানসোলে! না, সশরীরে নয়, বরং মোমের অবয়বে নীল-সাদা জার্সি গায়ে ধরা দিলেন এলএম১০ (Messi Wax Statue)। আসানসোলের বিখ্যাত মোম শিল্পী সুশান্ত রায়ের (Sushanta Ray) হাতের জাদুতে তৈরি সেই মূর্তির উন্মোচন হলো রবিবার।
এদিন সকালে আসানসোলের ১ নং মহিশীলা কলোনির অরবিন্দ পল্লী মোড়ে সুশান্ত রায়ের ‘ওয়াক্স মিউজিয়াম ও শিস মহল’-এ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। লিওনেল মেসির এই পূর্ণাবয়ব মোমের মূর্তিটি উন্মোচন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং মেয়র পারিষদ গুরুদাস (রকেট) চট্টোপাধ্যায়সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মূর্তি উন্মোচন করে মন্ত্রী মলয় ঘটক বলেন, “শিল্পী সুশান্ত রায়ের প্রতিভা আসানসোলের গর্ব। তিনি একের পর এক বিখ্যাত ব্যক্তিত্বের মূর্তি তৈরি করে আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করেছেন। তাঁর হাতের কাজ এতটাই নিপুণ যে মনে হয় মূর্তিগুলো কথা বলবে।” তিনি আরও উল্লেখ করেন যে, এই মিউজিয়ামে রাখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তিটি দেখলে মনে হয় তিনি নিজেই চেয়ারে বসে কাজ করছেন।
নিজের সৃষ্টি নিয়ে শিল্পী সুশান্ত রায় জানান, “লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলের এক নক্ষত্র। আমি আমার শিল্প দিয়ে মূর্তিকে যতটা সম্ভব জীবন্ত ও নিখুঁত করার চেষ্টা করেছি। ভক্তরা এখানে এসে মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, এটাই আমার সার্থকতা।”
আসানসোলের এই ওয়াক্স মিউজিয়ামে আগে থেকেই অমিতাভ বচ্চন থেকে শুরু করে শচীন তেন্ডুলকরের মতো ব্যক্তিত্বদের মূর্তি রয়েছে। এবার মেসির অন্তর্ভুক্তি পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ হতে চলেছে।
