মাথাভাঙ্গা: বড়দিনের সকালে অঘটন! প্রেমঘটিত কারণে অকালে প্রাণ হারালেন প্রেমিক! আহত আরও ৬। ঘটনায় তীব্র চাঞ্চল্য মাথাভাঙ্গা (Mathabhanga) ১ ব্লকের হাজরাহাট ১ গ্রাম পঞ্চায়েতের বালাসী এলাকায়।
কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙার হাজরাহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাসি এলাকায় সরকার ও সিকদার পরিবারের বাস। সিকদার পরিবারের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সরকার পরিবারের ছেলে যাদব সরকারের। কিছুদিন আগে দু’জনকে স্থানীয় এলাকায় ঘুরতে দেখেন মেয়েটির পরিবারের লোকেরা। এরপরই শুরু হয় অশান্তি। দুই পরিবারকে নিয়ে সালিশি সভার আয়োজনও করা হয়। এমনকি যাদবের মা চেয়েছিলেন, ছেলের এই ভুলের জন্য সিকদার পরিবারের কাছে ক্ষমা চাইবেন। কিন্তু আলোচনা শুরু হওয়ার আগেই শুরু হল তুমুল অশান্তি। বৃহস্পতিবার সকালে সিকদার পরিবারের সদস্যরা আচমকা অস্ত্র নিয়ে সরকার পরিবারের উপর চড়াও হয়। এলোপাথাড়ি আক্রমণে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বছর ২২-এর যাদব সরকার ও মানব সরকার (৪৫)। আহত হন আরও ৪ জন। গুরুতর জখম অবস্থায় ৬ জনকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মানব সরকার ও যাদব সরকারকে মৃত বলে ঘোষণা করেন। আহত বিমল সরকার, দেব সরকার, অর্জুন সরকার, বিপ্লব সরকার বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে (Mathabhanga Hospital) চিকিৎসাধীন।
অন্যদিকে, এই ঘটনার ফলে গোটা এলাকায় কার্যত শ্মশানের নীরাবতা বিরাজ করছে। মৃত যাদব সরকারের মা বাদে এলাকার স্থানীয় বাসিন্দারা এলাকা ছাড়া হয়েছেন। তবে পুলিশের তরফে শুরু হয়েছে তল্লাশি এবং তদন্ত।
