নিশিগঞ্জ: দোল উৎসবের আনন্দের মাঝেই মর্মান্তিক পরিণতি। বুধবার বিকেলে কোচবিহার ১ ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন মানসাই নদীতে (Mansai River) স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল এক কিশোরের (Drowning Incident)। ঘটনাটি ঘটেছে চান্দামারি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে পরিবারের সঙ্গে দোল খেলে বন্ধুদের সঙ্গে মানসাই নদীতে স্নান করতে গিয়েছিল ওই কিশোর। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, কিশোররা দল বেঁধে নদীতে নামে এবং সাঁতরে নদীর অপর পারে যাওয়ার চেষ্টা করে। বাকি বন্ধুরা সফলভাবে ওপারে পৌঁছাতে পারলেও, ওই কিশোর মাঝ নদীতে হঠাৎই তলিয়ে যায়।
বন্ধুদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং নদীতে তল্লাশি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বুধবার সন্ধ্যায় নদী থেকে ওই কিশোরের দেহ উদ্ধার করা সম্ভব হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
হোলির উৎসবের দিনে এমন মর্মান্তিক মৃত্যুতে হতবাক স্থানীয় বাসিন্দারা। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়-স্বজনরা। নদীর জলস্তর ও চোরাস্রোতের কারণে এই দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
