উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানা তিন মাসের খরা কাটিয়ে কাঙ্ক্ষিত তুষারপাতের (Snowfall) দেখা মিলতেই পর্যটকদের ঢল নেমেছে হিমাচলপ্রদেশে। কিন্তু সেই আনন্দই এখন বিষাদে পরিণত হয়েছে। পাহাড়ের রানি মানালি (Manali) বর্তমানে কার্যত এক ‘দুঃস্বপ্নে’ পরিণত হয়েছে। একদিকে ৮ কিলোমিটার দীর্ঘ ভয়াবহ যানজট (Site visitors Jam), অন্যদিকে কনকনে ঠান্ডায় হোটেলের ঘর না পেয়ে সমস্যায় পড়েছেন হাজার হাজার পর্যটক।
শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া যানজট ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি। বিশেষ করে কোঠি থেকে মানালি পর্যন্ত রাস্তাটি এখন গাড়ির দীর্ঘ মিছিলে স্তব্ধ। হিমাচলজুড়ে বর্তমানে ৬৮৫টি রাস্তা বন্ধ রয়েছে। এর মধ্যে লাহুল ও স্পিতি জেলায় সর্বোচ্চ ২৯২টি রাস্তা অবরুদ্ধ। মানালি ও সিমলার হোটেলগুলিতে তিলধারণের জায়গা নেই। ফলে বাধ্য হয়ে অনেক পর্যটক কুলু বা পার্শ্ববর্তী এলাকার দিকে ছুটছেন।
হিমাচলপ্রদেশ সরকার আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে ভারী তুষারপাত ও বৃষ্টির সতর্কতা জারি করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই দুর্যোগ চলবে। সিমলার ডাল্লি সংলগ্ন হিন্দুস্তান-তিব্বত সড়ক পুরু বরফের তলায় ঢাকা পড়ায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া নারকান্দা, জুব্বল, রোহরু এবং কিন্নর জেলা বর্তমানে রাজ্যের মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েক দিন মান্ডি, সোলান ও উনা সহ একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের জন্য ‘হলুদ সতর্কতা’ জারি থাকবে। পর্যটকদের অযথা উঁচু পাহাড়ি রাস্তায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে যারা আটকে রয়েছেন, তাঁদের উদ্ধারে এবং রাস্তা পরিষ্কারে প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।
