উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করার রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার রামকৃষ্ণ পরমহংসদেবের (Ramakrishna Paramhansadev) নামের আগে ‘স্বামী’ উপসর্গ (Swami prefix) ব্যবহার করলেন তিনি।প্রধানমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Slams Modi)। তাঁর মতে, বাঙালির আবেগ ও সংস্কৃতির প্রতি এটি চরম ‘অসংবেদনশীলতা’।
বৃহস্পতিবার সকালে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। হিন্দিতে লেখা সেই পোস্টে তিনি রামকৃষ্ণদেবের নামের আগে ‘স্বামী’ উপসর্গটি ব্যবহার করেন। তিনি লেখেন, ‘স্বামী রামকৃষ্ণ পরমহংসের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই।’ এরপরেই বিতর্ক দানা বাঁধে। পালটা প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানান, তিনি প্রধানমন্ত্রীর এই আচরণে ‘স্তম্ভিত’। মমতা মনে করিয়ে দেন, বাঙালির কাছে রামকৃষ্ণদেব হলেন ‘ঠাকুর’ বা ‘যুগাবতার’। তাঁর অনুগামী বা শিষ্যদের (যেমন স্বামী বিবেকানন্দ) নামের আগে ‘স্বামী’ ব্যবহার করা হলেও, গুরুর ক্ষেত্রে এই সম্বোধন নজিরবিহীন ও ভুল।
সোশ্যাল মিডিয়া পোস্টে মমতা কড়া ভাষায় লেখেন, “শ্রীরামকৃষ্ণকে সকলে ‘ঠাকুর’ বলে সম্বোধন করেন। তাঁর মৃত্যুর পর শিষ্যরা রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন। সেই সন্ন্যাসীদের ‘স্বামী’ বলা হয়, কিন্তু তাঁদের গুরু আজও ‘ঠাকুর’। আমাদের কাছে চিরকালই তাঁরা ‘ঠাকুর-মা-স্বামীজি’ হিসেবে বন্দিত।” এখানে ঠাকুর হলেন শ্রীরামকৃষ্ণ, মা হলেন সারদা দেবী এবং স্বামীজি হলেন বিবেকানন্দ।
মমতা আরও যোগ করেন, প্রধানমন্ত্রী বারবার বাংলার মহান মণীষীদের নাম ভুলভাবে উপস্থাপন করে সাংস্কৃতিক অসংবেদনশীলতার পরিচয় দিচ্ছেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর কড়া বার্তা, ‘বাঙালি মণীষীদের নামের সঙ্গে এমন নিত্যনতুন উপসর্গ ও প্রত্যয় যোগ করা বন্ধ করুন।’
Shocked once more!
But once more, our Prime Minister aggressively shows his cultural insensitivity to nice figures of Bengal. As we speak is the janmatithi of Yugavatara (God’s incarnation in our age) Sri Sri Ramakrishna Paramahamsadeva. Whereas making an attempt to hail the nice saint on this… https://t.co/f7GqFkbcHy
— Mamata Banerjee (@MamataOfficial) February 19, 2026
উল্লেখ্য, এর আগে সংসদ ভবনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন মোদি। রামকৃষ্ণদেবের জন্মতিথিতে সেই একই বিতর্কের পুনরাবৃত্তি হওয়ায় রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।
