উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কালো শাড়ি পড়ে হাতে হাতা-খুন্তি নিয়ে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সরব হল মহিলা তৃণমূল। গতকালই ধর্মতলার ধর্নামঞ্চ (Mamata Banerjee Dharna) থেকে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে প্রতিবাদের ডাক দিয়েছিলেন মমতা। ঠিক করে দিয়েছিলেন কালো শাড়ি পড়ে এসে প্রতিবাদ করতে হবে। রবিবার আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে ধর্মতলার ধর্নামঞ্চ এক ভিন্ন রূপ নেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), শশী পাঁজা এবং কৃষ্ণা চক্রবর্তীদের মতো হেভিওয়েট নেত্রীরা কালো শাড়ি পরে হাতে হাতা-খুন্তি-কড়াই নিয়ে প্রতিবাদে শামিল হন। প্রতীকি উনুন নিয়ে প্রতিবাদ করেন মমতাও।
কেন এই কালো পোশাক? নেত্রীর কথায়, “আইনজীবীরা যেমন ন্যায়বিচারের আশায় কালো কোট পরে আদালতে যান, মা-বোনেরাও আজ কালো শাড়িতে এই ‘অবিচার’-এর বিচার চাইতে পথে নেমেছেন।” মঞ্চে খালি থালা-কড়াই বাজিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘হেঁশেলে আগুন’ লাগানোর অভিযোগ তোলেন তৃণমূল কর্মীরা।
উল্লেখ্য ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধের সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে দেশের পেট্রোপণ্যের বাজারে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। ফলে অনেক তেল সরবরাহকারী জাহাজ আটকে রয়েছে। বিকল্প পথে কীভাবে জ্বালানি আনানো যায় তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্র সরকার। এই পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ৬০ টাকা বাড়ানো হয়েছে। যাতে মধ্যবিত্তের হেশেঁলে কিছুটা চাপ পড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিকে রাজনৈতিক ভাবে কাজে লাগাতে তৎপর হয়ে উঠেছে তৃণমূল। দলের তরফে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে জেলা জেলায় মিছিলের ডাক দেওয়া হয়েছে। তৃণমূল নেত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যরা ক্ষোভ উগরে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।
