হরষিত সিংহ, মালদা: দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। কিন্তু এখনও ইংরেজবাজার গ্রামীণ ব্লক কমিটির সভাপতি নির্বাচন করতে পারেনি তৃণমূল। দলের অন্দরেই গুঞ্জন, প্রসেনজিৎ ঘোষ ও প্রতিভা সিং গোষ্ঠীর কোন্দলের জেরেই ব্লক কমিটির সভাপতি নির্বাচন করা যায়নি। এই দুই গোষ্ঠীর বিবাদ মাঝেমধ্যেই ইংরেজবাজারে প্রকাশ্যে চলে এসেছে।
বর্তমানে জেলা পরিষদ সদস্য প্রতিভা সিং আগে ইংরেজবাজার গ্রামীণ ব্লক সভানেত্রী ছিলেন। নতুন জেলা কমিটি গঠন হওয়ার পর তাঁকে জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী করা হয়েছে। তারপর থেকে ইংরেজবাজার গ্রামীণ তৃণমূল ব্লক সভাপতির পদটি ফাঁকাই রয়েছে। তবে এবিষয়ে স্পষ্ট উত্তর দিতে চাননি প্রতিভা। তাঁর কথায়, ‘বর্তমানে আমরা সকলে মিলে এসআইআর নিয়ে কাজ করছি। তাই এবিষয়ে কোনও মন্তব্য করব না।’ যদিও এবিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ বলেন, ‘সঠিক সময়ে সবকিছু হয়ে যাবে।’
যদিও তৃণমূলের একাংশের দাবি, মালদা ১৫টি ব্লকের মধ্যে ১৪টিতেই সভাপতি নির্বাচন হয়ে গিয়েছে। শুধু ইংরেজবাজার গ্রামীণ এলাকাতেই পদটি ফাঁকা পড়ে রয়েছে। দলীয় সূত্রে খবর, ইংরেজবাজার ব্লকের গ্রামীণ সভাপতি পদের জন্য প্রার্থী হিসেবে একাধিক নাম জমা পড়েছে। একাধিক গোষ্ঠী থেকে নাম আসায় সভাপতি কাকে করা হবে, এই নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে দলের অন্দরে।
প্রায় এক মাস আগে আব্দুর রহিম বক্সী মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হওয়ার পর নতুন করে জেলা কমিটি ও ব্লক কমিটি তৈরি করা হয়েছে। তখন প্রতিভাকে মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী করা হয়েছে। জেলা তৃণমূলের সভাপতি অবশ্য বলেন, ‘২৪ নভেম্বর ভার্চুয়াল মিটিং হবে। তারপর ইংরেজবাজার ব্লকের গ্রামীণ তৃণমূল ব্লক সভাপতির বিষয়টি নিয়ে কিছু বলা যাবে।’
ব্লক সভাপতি না থাকায় কমিটিও তৈরি হয়নি। বিধানসভা ভোটের আগে সাংগঠনিক কর্মসূচি, ভোটের রণকৌশল কী হবে সেবিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কমিটি গঠন না হওয়ায় আগামীদিনে কী করতে হবে বুঝতে পারছেন না গ্রামীণ এলাকার তৃণমূলের নেতা-কর্মীদের একাংশ।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে ইংরেজবাজার বিধানসভায় বিজেপির থেকে ২০ হাজার ৯৯ ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। গত লোকসভা নির্বাচনেও বিজেপির থেকে প্রায় এক লক্ষ ভোটে পিছিয়ে পড়েছিল তৃণমূল। এমনকি কংগ্রেসও এই এলাকায় লোকসভা নির্বাচনে তৃণমূলকে টেক্কা দিয়েছিল। আসন্ন বিধানসভা নির্বাচনে ইংরেজবাজার বিধানসভায় ভালো ফল করতে হলে সাংগঠনিক কার্যকলাপ প্রয়োজন বলে মনে করছে তৃণমূলের একাংশ। কিন্তু ইংরেজবাজার গ্রামীণ ব্লক কমিটির সভাপতির পদটি ফাঁকা থাকায় চিন্তায় রয়েছেন দলের নেতা-কর্মীদের একাংশ।
