মালদা: নতুন করে বড় বিমান বন্দর নয়, আপাতত তালিকাভুক্ত থাকা মালদা বিমানবন্দর চালু করতে আগ্রহী রাজ্য সরকার। ডাইরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের অনুমোদন পেতে যে সমস্ত পরিকাঠামোর প্রয়োজন সেই কাজকে পাখির চোখ করেই এগোতে চাইছে রাজ্য। সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে শুক্রবার বিকেলে মালদা বিমানবন্দর পরিদর্শন করলেন পরিবহন দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারি আবদুর রাকিব শেখ। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক দেবাহূতি ইন্দ্র, ডেপুটি পুলিশ সুপার, ইংরেজবাজার থানার আইসি সহ সমস্ত দপ্তরের আধিকারিক ও ইংরেজবাজার পুরসভার প্রতিনিধিরা।
আবদুর রাকিব শেখ জানান, “এটা দীর্ঘদিনের একটা প্রোজেক্ট। বিভিন্ন ধাপে ধাপে আমাদের কাজ এগোচ্ছে। রাজ্যের প্রতিনিধি হিসেবে আমরা মালদা বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি দেখতে এসেছি। এরপরে আমাদের যে সমস্ত কাজ করতে হবে সেখানে কোনও সমস্যা হবে কিনা, সেই কাজের পরও আরও কিছু কাজ থেকে যাবে কিনা সেসব বুঝতেই আমাদের আসা। ডিজিসিএ-র অনুমোদন পেতে আমাদের যে সমস্ত কাজ করতে হবে প্রথম পর্যায়ে আমরা সেই সমস্ত কাজ করব। এই কাজের জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে ১৫ কোটির টাকার বাজেট পাঠিয়েছি। আমরা আশা করছি, সেই টাকা দ্রুত অনুমোদন হবে।”
