মালবাজারঃ আলোকসজ্জায় সেজে উঠেছে মালবাজার(Malbazar) থানা ও মন্দির। ১৯৯০ সাল বা ১৩৯৭ বঙ্গাব্দের ৫ মাঘ প্রতিষ্ঠা হয় থানার এই কালী মন্দির। সে বছর তৎকালীন ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ধ্রুব ছেত্রীর তত্ত্বাবধানে হয় প্রথম শ্যামা পুজো। থানার আধিকারিকরা ছাড়াও এই পুজোর দায়িত্বে থাকেন স্থানীয় বাসিন্দারা। ১৯৮৩ সাল থেকে থানার বর্তমান কালী মন্দিরের পাশেই একটি প্রকান্ড বট গাছের নিচে মাটির প্রতিমায় পূজিতা হতেন মা কালী। পরবর্তীতে ১৯৯০ সালে বেনারস থেকে আনা হয় মা কালীর মূর্তি। তখনই থানার তত্ত্বাবধানে মন্দির গড়ে পুজো শুরু হয়। সে সময়ে কালী পুজোর দায়িত্বে ছিলেন মালবাজারের রামকৃষ্ণ কলোনির বিভূতি চক্রবর্তী। বর্তমানে থানার মন্দিরের পুরোহিতের দায়িত্বে আছেন রামকৃষ্ণ চক্রবর্তী। তিনি জানান, মা জগৎজননী তাই সকলের মনের ইচ্ছা পূরণ করেন। মালবাজার(Malbazar) থানার আইসি সৌম্যজিৎ মল্লিক জানিয়েছেন, ‘সমস্ত নিয়ম নিষ্ঠা মেনেই পুজো হয় এই মন্দিরে। ’
