ময়নাগুড়ি: শনিবার সাতসকালে লোকালয়ে ঢুকে পড়ল হাতি। এদিন ময়নাগুড়ির (Mainaguri) এক নম্বর ওয়ার্ডে হাতির দেখা মেলে। লোকালয়ে চলে আসায় আতঙ্ক ছড়ায় এলাকায়। বহু মানুষকে গজরাজের তাড়া করতেও দেখা যায়।
খবর পেয়ে বন দপ্তরের রামসাই রেঞ্জ ও রামসাই মোবাইল স্কোয়ার্ডের কর্মীরা ঘটনাস্থলে আসেন। এক সময় হাতিটি ময়নাগুড়ি ব্যাংককান্দির সামনে এনজেপি-আলিপুরদুয়ারগামী রেলপথে দাঁড়িয়ে থাকে। ফলে রেলের গতিও নিয়ন্ত্রণ করা হয়। এরপর রেলপথ থেকে নেমে হাতিটি ব্যাংককান্দির দিকে রওনা দেয়। সেখানে একটি বাঁশঝাড়ে আশ্রয় নিয়ে রয়েছে। গজরাজের হানায় (Elephant Assault) একটি ইলেকট্রিক পোস্ট ভেঙে যায়। ফলে হাতির শরীরে একাধিক ক্ষত রয়েছে। আপাতত হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে।
