Mainaguri | ময়নাগুড়িতে জমে উঠেছে শীতবস্ত্রের বিকিকিনি

Mainaguri | ময়নাগুড়িতে জমে উঠেছে শীতবস্ত্রের বিকিকিনি

ব্লগ/BLOG
Spread the love


অভিরূপ দে, ময়নাগুড়ি: গত দু’দিন ধরে মন্থার প্রভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় একটানা বৃষ্টিপাত হচ্ছে। অবিরাম বৃষ্টিতে তাপমাত্রার পারদ বেশকিছুটা নেমেছে। নভেম্বর মাস শুরু হতে না হতেই রাতেরবেলায় তো বটেই দিনেও যেন হালকা শীত অনুভূত হচ্ছে। শীতের আমেজ দেখা দিয়েছে বাজারেও। ময়নাগুড়ি শহরের (Mainaguri) বিভিন্ন বাজারে দোকানগুলিতে শীতের পোশাকের বিকিকিনি বাড়তে শুরু করেছে।

অনেকেই প্রবল শীত পড়ার আগে কম্বল কিনতে দোকানগুলিতে ভিড় জমিয়েছেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাজারে হরেকরকম রং ও ডিজাইনের কম্বল পাওয়া যাচ্ছে। ক্রেতারাও নিজেদের সাধ্যমতো পছন্দের কম্বলটি কিনে ঘরে ফিরছেন। তবে শুধু কম্বল নয়, চাহিদা রয়েছে শীতের পোশাকেরও। ময়নাগুড়ি সুপার মার্কেট থেকে খুচরোর পাশাপাশি পাইকারি দরেও শীতের পোশাক কিনে নিয়ে যাচ্ছেন ময়নাগুড়ির আশপাশের বিভিন্ন এলাকার ক্রেতারা। এমনকি বাইরে থেকে ব্যবসায়ীরা এই ময়নাগুড়ি সুপার মার্কেটে এসে পাইকারি দরে শীতের পোশাক কিনছেন। তাই সব বয়সি ক্রেতাদের কথা মাথায় রেখে হরেকরকম ডিজাইন ও ব্র্যান্ডের জ্যাকেট ও সোয়েটার বাজারে বিক্রি হচ্ছে। হরেকরকম দামের পণ্য পাওয়া যায় বলে সবশ্রেণি ও পেশার মানুষের কাছেই ময়নাগুড়ি সুপার মার্কেট বেশ জনপ্রিয়।

ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপ্পা সাহা জানান, শীতের পোশাক, কম্বল সহ বিভিন্ন সামগ্রী বিক্রির বড় বাজার রয়েছে এখানে৷ এবছর আশা করা  হচ্ছে, সকলেই ভালো ব্যবসা করবেন। শীতকালে পরার মতো জ্যাকেট বিক্রি করেন গোবিন্দ বিশ্বাস। তিনি জানান, গত দু’দিনে তিনি তিরিশটি হাফ জ্যাকেট বিক্রি করেছেন।

ময়নাগুড়ি বাজারে শীতের পোশাক কিনতে এসেছিলেন অমল দাস। তিনি বলেন, ‘দিনেরবেলায় হালকা শীত অনুভূত হলেও রাতেরবেলায় যখন বাইক চালাই তখন বেশ শীত অনুভূত হয়। তাই জাঁকিয়ে শীত পড়ার আগেই শীতের কিছু পোশাক কিনতে বাজারে এসেছি।’

গত বছর শীত পড়তে বেশ দেরি হওয়ায় শীতের বাজার জমে উঠেছিল প্রায় নভেম্বরের শেষের দিকে। এবছর নিম্নচাপের ফলে টানা দু’দিন বৃষ্টি হওয়ায় ডুয়ার্স সহ বিভিন্ন অঞ্চলে বেশ শীত অনুভুত হচ্ছে। তাই গত বছরের তুলনায় এবছর অনেকটা আগে শীতের বাজার জমে উঠেছে। এর ফলে বিক্রেতারাও বেশ খুশি। ময়নাগুড়ি নতুন বাজারের শীতবস্ত্র ব্যবসায়ী প্রণব দাসের কথায়, ‘কালীপুজোর পর থেকে শীতের পোশাক দোকানে নিয়ে এসেছিলাম। গত দু’দিন বেশ ভালোই বিক্রি হয়েছে। এবছর এত আগের থেকে শীতবস্ত্র বিক্রি হবে ভাবিনি।’ একই সুর শোনা যায় ময়নাগুড়ি বাজারের আরেক শীতবস্ত্র বিক্রেতা অসীম রায়ের গলায়।

আরেক ক্রেতা শীতেশ মণ্ডল বলেন, ‘এবছর দোকানগুলিতে বিভিন্ন দামের বিভিন্ন ডিজাইনের শীতের  পোশাক বাজারে উঠেছে।’ ময়নাগুড়ি বাজারে সন্তানের জন্য শীতের পোশাক কিনতে এসেছিলেন রত্না বিশ্বাস। তাঁর কথায়, ‘হঠাৎ করেই দু’দিন ধরে বেশ ঠান্ডা লাগছে। এই সময় যাতে বাচ্চাদের ঠান্ডা না লেগে যায়, তাই ওদের জন্য গরম পোশাক কিনতে বাজারে এসেছি৷’

The submit Mainaguri | ময়নাগুড়িতে জমে উঠেছে শীতবস্ত্রের বিকিকিনি appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *