উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি বিপিএলের উন্মাদনা মুহূর্তেই বিষাদে রূপ নিল। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন অভিজ্ঞ ক্রিকেট কোচ মাহবুব আলী জাকি (Mahbub Ali Zaki)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।
শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন ক্রিকেটের সাথে
প্রত্যক্ষদর্শীদের মতে, ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের ওয়ার্ম-আপ সেশন পরিচালনা করছিলেন ঢাকা ক্যাপিটালসের এই সহকারী কোচ। সব কিছুই চলছিল স্বাভাবিকভাবে। হঠাৎ করেই ডাগ-আউটের পাশে সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাঁকে সিপিআর দেওয়া হয় এবং অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে দুপুর ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অবদান ও বর্ণাঢ্য ক্যারিয়ার
মাহবুব আলী জাকি কেবল একজন কোচই ছিলেন না, বরং তিনি ছিলেন বাংলাদেশের পেস বোলিংয়ের নেপথ্য কারিগর।২০০৮ সাল থেকে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগে স্পেশালিস্ট পেস বোলিং কোচ হিসেবে যুক্ত ছিলেন। ২০১৬ সালে পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন সংশোধনে তাঁর অবদান সে দেশের ক্রিকেট ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। খেলেছেন আবাহনী লিমিটেডের মতো ঐতিহ্যবাহী ক্লাবে এবং প্রতিনিধিত্ব করেছেন নিজ জেলা কুমিল্লার।
জাকির মৃত্যুতে বিপিএল গভর্নিং কাউন্সিল, বিসিবি এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি গভীর শোক প্রকাশ করেছে। তাঁর সম্মানার্থে ঢাকা ও রাজশাহীর খেলোয়াড়রা মাঠে কালো ব্যাজ ধারণ করেন এবং ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। সিলেটে প্রথম শেষকৃত্য শেষে তাঁর মরদেহ নিজ জেলা কুমিল্লায় নিয়ে যাওয়া হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে।
